ডিএসইতে ৭০৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ২৩ পয়েন্ট
লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৬৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা সাড়ে ১১টার দিকে সূচক কমে ১৫ পয়েন্ট। এরপর আবারও ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৭০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সামিট পাওয়ার, গ্রামীণফোন, এসিআই, বিএসসি প্রভৃতি।

সিএসইতে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টির দাম বেড়েছে। কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।