ডিএসইতে ৯৩২ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে ৯৩২ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৯৭৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৪৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। এর পর থেকে সূচক বাড়ার হার কমলেও শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতায় থাকে সূচক।
আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টিরই দাম বেড়েছে, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৯৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৩ কোটি টাকা কম। গতকাল এ বাজারে এক হাজার ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৫৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৩টির দাম বেড়েছে, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে আরএসআরএম স্টিল
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে আরএসআরএম স্টিল। আজ প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বেক্সিমকো, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, আরএকে সিরামিকস, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই প্রভৃতি।