ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি শেয়ারধারী পরিচালক পদের জন্য শেষ পর্যন্ত দুই প্রার্থীই নির্বাচনের মাঠে থাকছেন। তাঁরা হলেন সংস্থাটির সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন।
ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে একটি পরিচালক পদের জন্য দুজনের মধ্যে ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার আগে সংস্থাটির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে রকিবুর রহমান একাধিক দফায় সংস্থাটির পরিচালক ও সভাপতি ছিলেন। আর মিনহাজ মান্নান ডিমিউচুয়ালাইজেশনের পূর্ববর্তী পর্ষদে পরিচালক ছিলেন। ডিমিউচুয়ালাইজেশনের পর প্রথমবারের মতো শেয়ারধারী পরিচালক হওয়ার জন্য তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ১৩ সদস্যবিশিষ্ট ডিএসইর পরিচালনা পর্ষদের মধ্যে শেয়ারধারী পরিচালক রয়েছেন চারজন। বাকি নয়জন পরিচালকের মধ্যে সাতজন স্বতন্ত্র এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালকও পর্ষদে অন্তর্ভুক্ত রয়েছে। আর ১৩ সদস্যের পর্ষদের মধ্যে কৌশলগত বা স্ট্যাস্ট্রেজিক বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত একটি পরিচালকের পদ এখনো শূন্য রয়েছে।
নিয়ম অনুযায়ী, শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে প্রথম বছর একজন, দ্বিতীয় বছরে এসে একজন এবং তৃতীয় বছরে গিয়ে দুজন অবসরে যাবেন। আর তার বিপরীতে নতুন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে সরাসরি ভোটে নতুন পরিচালক নির্বাচন করা হবে। তবে ডিমিউচুয়ালাইজেশনের দ্বিতীয় বছরে এসে এবারই প্রথম শেয়ারধারী পরিচালক পদে সরাসরি ভোটের সম্ভাবনা রয়েছে। গত বছর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শাকিল রিজভী ডিমিউচুয়ালাইজড পরিচালনা পর্ষদে দ্বিতীয় দফায় পরিচালক হন।
ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সমঝোতার ভিত্তিতে শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে অবসরে যাবেন শরীফ আনোয়ার হোসেন।
বাজার পরিস্থিতি: দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকালও লেনদেনে মন্দাভাব অব্যাহত ছিল। এদিন প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৪৪ পয়েন্টে। তবে সিএসইর সার্বিক সূচকটি এদিন ২০ পয়েন্ট কমে গেছে।
সম্পদমূল্য বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের: তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট তাদের সম্পদের পুনর্মূল্যায়ন করেছে। গতকাল সেই তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাতে কোম্পানিটি জানিয়েছে, সম্পদ পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি বেড়েছে। পুনর্মূল্যায়ন শেষে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫১ পয়সায়, যা আগে ছিল ২৯ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ সম্পদমূল্য বাড়ায় কোম্পানিটির এনএভি ৬ টাকা ৬৬ পয়সা বেড়েছে। তবে শেয়ারের দামে তার কোনো প্রভাব পড়েনি। গতকাল দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৬০ পয়সায়।