ডিএসইর কেনার ঘোষণায় আরও বাড়ল বিবিএসের দাম
কয়েক দিন ধরে একটানা বাড়ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ারের দাম। এ অবস্থায় গতকাল সোমবার বাজার থেকে কোম্পানিটির প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ ঘোষণায় ডিএসইতে গতকাল বিবিএসের প্রতিটি শেয়ারের দাম আড়াই টাকা বা সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকায়।
হঠাৎ করে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিটির বিপুল শেয়ার কেনার কারণ হিসেবে জানা গেছে, সংস্থাটির সদস্যভুক্ত একটি ব্রোকারেজ হাউসের শর্টসেলের (হিসাবে শেয়ার না থাকার পরও বিক্রি) ঘাটতি পূরণে ডিএসইকে বাজার থেকে বিবিএসের শেয়ার কিনতে হয়েছে।
নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জে লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে। এক পক্ষে থাকে ক্রেতা আর অন্য পক্ষে বিক্রেতা। সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের মাধ্যমে এ ক্রেতা-বিক্রেতার শেয়ারের লেনদেন নিষ্পন্ন করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। যদি শেয়ারের ঘাটতির কারণে কোনো লেনদেন অসম্পূর্ণ থাকে তবে আইন অনুযায়ী ডিএসই নিজে ঘাটতি শেয়ার বাজার থেকে কিনে নিয়ে তা ক্রেতাকে বুঝিয়ে দেয়।
ডিএসইসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে গত রোববার একটি ব্রোকারেজ হাউসে বিবিএসের ৪ লাখ ৪৪ হাজার শেয়ারের শর্টসেলের ঘটনা ঘটে। উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করে দিন শেষে তা হিসাবে জমা করতে ব্যর্থ হয় ব্রোকারেজ হাউসটি। যদিও বলা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। ফলে যাঁরা ওই বিক্রির বিপরীতে শেয়ার কিনেছিলেন, তাঁদের লেনদেন নিষ্পত্তি করতে গিয়ে শেয়ারের ঘাটতি দেখা দেয়। এ কারণে ডিএসই লেনদেনের জামিনদার হিসেবে ওই শেয়ারের ঘাটতি পূরণ করে। তবে শর্টসেলের এ ঘটনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এদিকে ডিএসইর শেয়ার কেনার ঘোষণায় গতকালও দিন শেষে লেনদেনের শীর্ষে জায়গা করে নেয় বিবিএস। এ দিন কোম্পানিটির প্রায় ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সোয়া ৪ শতাংশ।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ছিল মূলত পাঁচ খাতের। খাতগুলো হলো প্রকৌশল, ওষুধ ও রসায়ন, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বস্ত্র। দিন শেষে ডিএসইর মোট লেনদেনের সাড়ে ৭০০ কোটি বা ৬৬ শতাংশই ছিল উল্লিখিত পাঁচ খাতের।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানির মধ্যে তিনটিই ছিল প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের। ডিএসইতে এদিন লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ১২০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪৫ কোটি টাকা বেশি। সর্বশেষ ৮ ডিসেম্বর ডিএসইতে ১ হাজার ১৫০ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে লেনদেনের বেশ উন্নতি হলেও দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৩ পয়েন্ট।