ডিএসইর দুই সূচক পুনঃসমন্বয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান দুটি সূচক পুনঃসমন্বয় করা হচ্ছে। এর ফলে ডিএসইর প্রধাস সূচক ডিএসইএক্স ও বাছাই করা কোম্পানির সমন্বয়ে গঠিত সূচক ডিএস৩০ থেকে কিছু কোম্পানি বাদ পড়ছে। পাশাপাশি নতুন কিছু কোম্পানি এ দুই সূচকে যুক্ত হবে। ১৮ জানুয়ারি থেকে তা কার্যকর হবে বলে ডিএসই জানিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স নতুন করে ১৮টি কোম্পানি যুক্ত হতে যাচ্ছে। তার বিপরীতে এ সূচক থেকে বাদ পড়ছে ছয়টি কোম্পানি। ডিএসই বলছে, কোম্পানিগুলোর বার্ষিক কর্মকাণ্ড পর্যালোচনা করে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এ পুনঃসমন্বয় করা হচ্ছে।
ডিএসইএক্স সূচকে নতুন যে ১৮টি কোম্পানি যুক্ত হচ্ছে, সেগুলো হলো সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, রহিমা ফুড, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, দেশ গার্মেন্টস, এপেক্স স্পিনিং মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, হোয়া-ওয়েল টেক্সটাইল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং, তুংহাই নিটিং অ্যান্ড ডায়িং, ওয়াটা কেমিক্যালস, এএফসি এগ্রো বায়োটেক, ফার কেমিক্যাল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও সাইফ পাওয়ারটেক। ওই সূচক থেকে যে ছয়টি কোম্পানি বাদ পড়ছে—সেন্ট্রাল ইনস্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লিবরা ইনফিউশানস, ন্যাশনাল টি, সোনারগাঁও টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স।
ডিএসইএক্সে নতুন কোম্পানি সংযোজন ও বিয়োজনের ফলে রোববার থেকে এ সূচক গণনায় অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৪১টিতে। বর্তমানে ডিএসইএক্স সূচকে ২২৯টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচকে নতুন করে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলো হলো ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, আইডিএলসি ফিন্যান্স, ইউনাইটেড এয়ারওয়েজ ও স্কয়ার টেক্সটাইল। এর বিপরীতে ওই সূচক থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়ছে। সেগুলো হলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো, ওরিয়ন ফার্মা ও প্রাইম ব্যাংক। এ সংযোজন-বিয়োজনের পরও এ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা ৩০টিই থাকবে।