ডিএসইর দুই সূচক পুনর্গঠিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুটি সূচক পুনর্গঠন করা হয়েছে।
গতকাল রোববার থেকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স-এর অধীনে নতুন একটি কোম্পানি যুক্ত হয়েছে। নতুন কোম্পানিটি হলো ডরিন পাওয়ার জেনারেশন। এর ফলে ডিএসইএক্স সূচকে এখন মোট কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫টি।
এ ছাড়া বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকে চারটি নতুন কোম্পানি যুক্ত হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ। এর বিপরীতে বাদ পড়েছে পূবালী ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটোমোবাইলস ও খুলনা পাওয়ার—এই চার কোম্পানি।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডিএসইর দুই সূচকই পরিচালিত হয় এসঅ্যান্ডপি ডাও জোনসের নিয়মে। তার আওতায় সূচক তদারকির জন্য রয়েছে আলাদা একটি কমিটি। ডিএসই আরও জানায়, নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে কোম্পানিগুলোর অর্ধবার্ষিক কার্যক্রম বিবেচনায় ডিএস-৩০ সূচকে নতুন কোম্পানি সংযোজন ও পুরোনো কোম্পানি বিয়োজন করা হয়।
বাজার পরিস্থিতি: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার সূচক ও লেনদেন উভয়ই কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৩৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৬৯ কোটি টাকা কম। ডিএসইতে এদিন লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারেরই দরপতন হয়েছে।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও বেড়েছে লেনদেন। সিএসইতে রোববার ২৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে এক কোটি টাকা বেশি। দিন শেষে সিএসইর সার্বিক সূচকটি প্রায় ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে।