ডিএসইর প্রধান সূচক আবারও ৪৬০০ পয়েন্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বৃহস্পতিবার আরও ২০ পয়েন্টে বেড়ে প্রায় ৪ হাজার ৬০০ পয়েন্টে উঠেছে। গত এক মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৬ জুন ডিএসইএক্স ৪ হাজার ৬০০ পয়েন্টের ওপরে ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭৪ পয়েন্টে উঠেছে।
এ নিয়ে টানা তিন দিন দেশের উভয় শেয়ারবাজারের সূচক বাড়ল। তার আগে কয়েক দিন বাজারে একটানা দরপতন ঘটেছে। তবে সপ্তাহের শেষদিনে গতকাল দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৬ লাখ টাকা
কম। আগের দিন ঢাকার বাজারে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৫২ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঈদের ছুটির আগে শেয়ারবাজারে লেনদেন হবে আর মাত্র তিন দিন। তাই ঈদের ছুটি ঘনিয়ে আসায় দুই বাজারে মূল্যসূচক কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, ছুটি যতই ঘনিয়ে আসছে বাজারে বিক্রির চাপ ততটাই কমছে। যার ফলে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে ইতিবাচক বিভিন্ন খবর প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতি যখন নানাভাবে চাপে রয়েছে সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ছে। যার একটি ইতিবাচক প্রভাব শেয়ারবাজারেও রয়েছে।
মনিরুজ্জামান আরও বলেন, ঈদের আগে আর মাত্র কয়েকটি দিন লেনদেন বাকি। ছুটি ঘনিয়ে আসায় বাজারে এখন শেয়ারের বিক্রির চাপ কিছুটা কম। এর ফলে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম স্থানে ছিল গ্রামীণফোন। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম সাত টাকা ৪০ পয়সা বা প্রায় সোয়া ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ টাকায়। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনে কোম্পানিটির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ কারণে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
ডিএসইতে এদিন ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ৫২টি প্রতিষ্ঠানের।
অপর শেয়ারবাজার সিএসইতে এদিন ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ১১৩টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের।