ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হচ্ছে পেনিনসুলা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক কোম্পানি হোটেল পেনিনসুলা। ১৯ অক্টোবর থেকে ডিএসইএক্স গণনায় কোম্পানিটিকে হিসাবে ধরা হবে। ডিএসই কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানিয়েছে।
বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২২৮টিকে ডিএসইএক্স গণনার ক্ষেত্র হিসেবে ধরা হয়। হোটেল পেনিনসুলা যুক্ত হওয়ার পর ওই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২৯টিতে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্তির পরবর্তী তিন মাসের লেনদেনের ভিত্তিতে এটি সূচকে অন্তর্ভুক্ত জন্য বিবেচিত হয়েছে।
ডিএসইর প্রধান সূচকটি ব্যবস্থাপনা ও সমন্বয় করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ডাও জোন্স। সূচক গণনা ও তাতে কোম্পানি অন্তর্ভুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করা হয়।
চলতি বছরের জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বর্তমান সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের পারিবারিক প্রতিষ্ঠান পেনিনসুলা।