ডিএসইর লেনদেন আবারও তিন শ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট-পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তিন শ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮৩ কোটি টাকা। এই লেনদেন আগের দিন রোববারের চেয়ে ২৫ কোটি টাকা কম এবং গত ১৫ মে-এর পর সর্বনিম্ন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন তাতে পুঁজিবাজারের জন্য বিশেষ কোনো প্রণোদনা রাখা হয়নি।
বাজেটের আগে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলোর বেশির ভাগই রাখা হয়নি। তাই গত রোববার দুই স্টক এক্সচেঞ্জ আলাদা সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তাবগুলো পুনর্বিবেচনার দাবি জানায়। এর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে বাজেট কাঠামোর আওতায় পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার দাবি জানানো হয়।
বাজেট ঘোষণার দিন গত বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হয়। মাঝে এক কার্যদিবসের ব্যবধানে তা গতকাল নেমে আসে তিন শ কোটি টাকার নিচে। পাশাপাশি সূচকও কমেছে।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৪১১ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আগের তুলনায় ১৯১টিরই শেয়ার বা ইউনিটের দাম কমেছে। বেড়েছে কেবল ৭৮টির আর অপরিবর্তিত ছিল ৪৭টির দাম।
চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক সূচকটি এদিন ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সিংহভাগেরই দাম কমেছে।