ডিএসইর লেনদেন এক মাস পর ৪০০ কোটি টাকা ছাড়াল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেন আবারও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। নতুন বছরে এখন পর্যন্ত এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ৬ জানুয়ারি চলতি বছরের সর্বোচ্চ ৩২০ কোটি টাকার লেনদেন হয়েছিল এ বাজারে।
শুধু তাই নয়, দীর্ঘ এক মাস পর গতকাল আবারও লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১০ ডিসেম্বর ডিএসইতে প্রায় ৪২২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে লেনদেনে খরা চলছিল। এর কারণ হিসেবে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগের তির ছিল কেন্দ্রীয় ব্যাংকের দিকে। বলা হচ্ছিল, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ-সংক্রান্ত প্রতিদিনের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে সংগ্রহ করত কেন্দ্রীয় ব্যাংক। এতে করে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহিত বোধ করে।
এ অবস্থায় গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক সভা অনুষ্ঠিত হয়। তাতে শেয়ারবাজারে ব্যাংকের প্রতিদিনের বিনিয়োগ তথ্যের পরিবর্তে সপ্তাহের একীভূত তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। এরপর রোববার থেকে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি দেখা যায়। তারই ধারাবাহিকতায় গতকাল ৪১৭ কোটি টাকা লেনদেন হয়েছে ডিএসইতে।
ঢাকার বাজারে লেনদেন বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তা সত্ত্বেও দিন শেষে সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৭ পয়েন্টে। লেনদেন হওয়া ৩১০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টিরই দাম কমেছে, বেড়েছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৪০ পয়সা বা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকায়। এককভাবে ডিএসইতে কোম্পানিটির প্রায় ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা বেড়ে হয়েছে ৩১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ৪৩টির দাম।