দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার নতুন স্বয়ংক্রিয় লেনদেনযন্ত্র চালু হয়েছে। নতুন এই যন্ত্র সম্পর্কে কারবারি ও বিনিয়োগকারীরা পুরোপুরি বুঝে উঠতে না পারায় লেনদেনে তার নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে ডিএসইতে গতকাল প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
ডিএসইতে গতকাল ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বুধবারের চেয়ে ২৮৫ কোটি টাকা কম। বুধবার এই বাজারে ৪২১ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর গতকালের লেনদেন প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২০ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বিনিয়োগকারীরা বলছেন, নতুন সফটওয়্যারভিত্তিক যান্ত্রিক লেনদেন করতে গিয়ে তাঁদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। এ কারণে অনেকে বড় ধরনের লেনদেন থেকে বিরত ছিলেন। আর তাই লেনদেন কম হয়েছে এই বাজারটিতে।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগকারীরা একটি সফটওয়্যারে অভ্যস্ত ছিলেন। নতুন সফটওয়্যার চালুর ফলে তাঁদের কিছুটা সমস্যা হয়েছে। এটা একেবারেই সাময়িক সমস্যা।’ বিনিয়োগকারীরা অভ্যস্ত হলে দ্রুত এ সমস্যা কেটে যাবে বলে আশা করেন তিনি।
স্বপন কুমার আরও বলেন, ‘ডিএসইর সদস্য ২৩২টি ব্রোকারেজ হাউস নতুন এই ব্যবস্থায় লগইন করেছে এবং লেনদেনও করেছে। তাদের যে প্রথম দিনেই নতুন একটা ব্যবস্থায় আনতে পেরেছি, এটাই আমাদের সফলতা।’ নতুন সফটওয়্যারে কারিগরি কোনো ত্রুটি নেই বলেও দাবি করেন তিনি।
নতুন সফটওয়্যার উদ্বোধন: সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে ডিএসইর নতুন স্বয়ংক্রিয় লেনদেনব্যবস্থার (অটোমেটেড ট্রেডিং সিস্টেম) আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. খায়রুল হোসেন, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, নাসডাকের ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ফ্রিজ, ফ্লেক্সট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাঁ মাইকেল বাঙ্কো প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে কাজ করছে সরকার। সরকার ব্যবসায়ীদের ওপর অযাচিত হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি।
এম এ মান্নান আরও বলেন, ‘আজ ডিএসই নতুন যুগে প্রবেশ করল। নতুন এই সফটওয়্যার চালুর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।’
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, ‘আমরা শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আইন সংশোধন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এ ছাড়া বাজারে কারসাজি রোধে আধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করছি।’ ডিএসইতে নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে লেনদেন আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি।
বাজার বিশ্লেষণ: দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৯৩৩ পয়েন্টে। ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৮০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে গতকাল ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ২০ কোটি টাকা কম। বুধবার এই বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।