দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬৪ কোটি টাকা। গত প্রায় চার মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২০ জুলাই ডিএসইতে ২৬৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
দরপতনের জন্য বাজারের একটি অংশ গত রোববার থেকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে (বিএমবিএ) দায়ী করতে শুরু করে। শেয়ারের বিপরীতে বিতরণ পুঞ্জীভূত অনাদায়ি ঋণ আদায়ে একগুচ্ছ প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছিল বিএমবিএ। তাতে এক কোটি টাকার বেশি ঋণ নিয়ে যাঁরা খেলাপি হয়েছেন তাঁদের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবির আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল। আর সে জন্যই পতনের জন্য বিএমবিএকে দুষতে থাকে বাজারের একটি অংশ। তাতে বাধ্য হয়ে বুধবার নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় বিএমবিএ।
বিএমবিএর ওই ঘোষণার পর গতকাল লেনদেন কমল আগের দিনের চেয়ে প্রায় ৪৯ কোটি টাকা। বিএমবিএর অবস্থান পরিবর্তনের পরও লেনদেনের এ পতনের ফলে তাই প্রশ্ন উঠেছে, বাজারের এ অবস্থার মূল কারণটি কী? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্চেন্ট ব্যাংকার বলেছেন, বাজারের মূল পতনের কারণ অনুসন্ধান না করেই একটি সংঘবদ্ধ চক্র বিএমবিএর ওপর এর দায় চাপিয়েছে। যদিও বাজারে নেতিবাচক প্রভাব ফেলার মতো বাস্তব কোনো কারণ বিএমবিএর প্রস্তাবে ছিল না।
লেনদেন কমলেও ঢাকার বাজারে সূচক সামান্য বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ৭৭৩ পয়েন্ট। লেনদেন হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টিরই দাম বেড়েছে, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। দিন শেষে সিএসইর লেনদেন আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কমে নেমে এসেছে ২৩ কোটিতে। আর সার্বিক সূচকটি ছিল প্রায় অপরিবর্তিত।