ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৩ কোটি টাকা। গত প্রায় তিন মাসের ব্যবধানে এটিই ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ৩ আগস্ট ডিএসইতে সর্বনিম্ন ৪২৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে লেনদেন কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় আট লাখ টাকা বেড়েছে। মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা।
এদিকে সোমবার দুই বাজারে সূচক বাড়লেও গতকাল পতন দিয়েই লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৯ পয়েন্টে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টিরই দাম কমেছে, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। সিএসইর সার্বিক সূচক প্রায় ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৬ পয়েন্টে। চট্টগ্রামে গতকাল লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টিরই দাম কমেছে, বেড়েছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম।
পতনের দিনে গতকাল ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম দুটি ছিল সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ার ও সাইফ পাওয়ারটেক। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আয় বাড়িয়ে দেখানোর দায়ে দীর্ঘ সময় কোম্পানিটির লেনদেন স্থগিত রাখা হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে বিশেষ নিরীক্ষা করা হয় কোম্পানিটির আর্থিক প্রতিবেদন। এতে কোম্পানিটির আয় কমে যায়।
স্থগিতাদেশ তুলে নেওয়ার পর ২০ অক্টোবর থেকে শাহজীবাজার পাওয়ারের লেনদেন পুনরায় শুরু হয়। আর ওই দিন থেকে প্রতিদিনই কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। লেনদেনের শুরুতেই এটির দাম দিনের সর্বোচ্চ স্তরে (সার্কিট ব্রেকার) উঠে যায়। এ কারণে ২০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাত্র সাত কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮৪ টাকার বেশি। অর্থাৎ মাত্র সাত দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কোম্পানিটির শেয়ারের মূল্যবৃদ্ধির এ ঘটনাকে খুবই অস্বাভাবিক ও বিনিয়োগকারীদের জন্য অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।