ডিএসইর সূচক অপরিবর্তিত, বেড়েছে সিএসইতে
মিশ্র প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক গতকালের অবস্থানে থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে ৪৯৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫২৬ দশমিক ২১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও দিনশেষে গতকালের অবস্থানে থাকে।
ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮৮ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল এমজেএল বিডি। আজ এ প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন, হা-ওয়েল টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি প্রভৃতি।
সিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন
সিএসইতে আজ সূচক বাড়লেও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দাম বেড়েছে। কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।