ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে আগামীকাল মঙ্গলবার সাধারণ ছুটি। সে অনুযায়ী নির্বাচনী এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের শাখাগুলো এদিন বন্ধ থাকবে।
সাধারণ ছুটি ও ব্যাংক বন্ধ রাখার ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আগামীকাল লেনদেন হবে না। ডিএসই ও সিএসইর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন এলাকায় ব্যাংক বন্ধ রাখার কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, এসব এলাকার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের শাখাগুলো মঙ্গলবার বন্ধ থাকবে।