ঢাকার বাজারে দেড় মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি যত ঘনিয়ে আসছে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও তত বাড়ছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাত শ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি টাকা। গত দেড় মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ৯ মে ডিএসইতে ৭৭৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত তিন দিন ধারাবাহিকভাবে ডিএসইতে লেনদেন বেড়েছে। যার ফলে তা আবারও সাত শ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকার বাজারে লেনদেন বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। গতকাল দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।

এদিকে দুই বাজারে লেনদেনে দুই চিত্র দেখা গেলেও উভয় বাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। গত ১৮ এপ্রিলের পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান, ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৫৭১ পয়েন্টে ছিল।

 একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি যতই ঘনিয়ে আসছে বাজারে শেয়ারের বিক্রির চাপ ততই কমছে। এ ছাড়া বিনিয়োগকারীদের একটি অংশ ঈদের পর বাজার ভালো হবে, সেই আশায় বাজারে নতুন করে অর্থ বিনিয়োগ করছেন।

অবশ্য মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান জানালেন ভিন্ন কারণ। মনিরুজ্জামান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করলে বিভিন্ন হারে কর রেয়াত সুবিধা রয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ বিনিয়োগের বিপরীতে কর রেয়াত সুবিধা নিতে অর্থবছরের শেষ মুহূর্তে এসে অনেকে বাজারে বিনিয়োগ করছেন। কারণ, এই সুবিধা নিতে হলে ৩০ জুনের মধ্যে বিনিয়োগ দেখাতে হবে। এ জন্য জুনের শেষে এসে লেনদেন কিছুটা বেড়েছে বলে মনে করেন তিনি।

ডিএসইতে গতকালও ব্লক মার্কেটে ১৭ কোম্পানির ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মঙ্গলবার ছিল প্রায় ৯৫ কোটি টাকা। গতকাল ডিএসইতে সর্বোচ্চ ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয় বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের।