ঢাকার বাজারের সূচক, মূলধনে নতুন রেকর্ড
আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল সোমবার দিন শেষে ডিএসইএক্স সূচকটি ৫৩ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্ট ছাড়িয়েছে। এখন পর্যন্ত এটিই ডিএসইএক্স-এর সর্বোচ্চ অবস্থান।
ডিএসইর প্রধান সূচকটি চালু হয় ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এরপর এ সূচকটি সর্বশেষ ৫ জুলাই ৫ হাজার ৭৮৩ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। তারও আগে এ সূচকটি গত ৪ এপ্রিল ৫ হাজার ৭৭৭ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। এ নিয়ে চলতি বছরেই তিনবার ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ অবস্থানের রেকর্ড করেছে।
সূচকের পাশাপাশি ডিএসইর বাজার মূলধনে নতুন রেকর্ড হয়েছে। গতকাল দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় প্রায় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকার সর্বোচ্চ অবস্থানে। এর আগে সর্বশেষ ৫ জুলাই ডিএসইর বাজার মূলধন ৩ লাখ ৮৮ হাজার ৩২৯ কোটি টাকার সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি, ট্রেজারি বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার, করপোরেট বন্ডের মোট শেয়ার ও ইউনিট সংখ্যা এবং দামের গুণফলের সমষ্টি হলো বাজার মূলধন।
সূচকের উন্নতির পাশাপাশি ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন ছাড়িয়েছে প্রায় ১ হাজার ২৬৪ কোটি টাকা। প্রায় সাড়ে তিন মাসের ব্যবধানে এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ২২ মার্চ ডিএসইতে ১ হাজার ২৯০ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। গতকালের সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ১ হাজার ৩৫০ কোটি টাকার মূলধনি কোম্পানি গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ১১ টাকা বা ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ টাকায়। গ্রামীণফোনের পাশাপাশি বেড়েছে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের সব কটিরই দাম বেড়েছে। আর লেনদেন হওয়া ২৩ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৭টিরই দাম বেড়েছে। সামনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তাতে প্রতিষ্ঠানগুলোর আয় আগের চেয়ে বাড়তে পারে, এ প্রত্যাশা থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের বাজার প্রতিবেদন অনুযায়ী, গতকাল ব্যাংক খাতের প্রতিটি শেয়ারের দাম গড়ে ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর কয়েক দিনের উত্থানের পর বস্ত্র খাতের শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ডিএসইতে গতকাল লেনদেনে আধিপত্য ছিল ওষুধ খাতের। ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশই ছিল এ খাতের দখলে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল প্রায় ১৬৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬০ পয়েন্ট ছাড়িয়েছে। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল ৮১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম।