দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্যসূচক ও লেনদেন দুটোই কমেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে নেমেছে। আর চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২৬ পয়েন্ট।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে গতকালের বাজার সম্পর্কে বলা হয়েছে, কিছু সংখ্যক বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। যে কারণে সূচকের খানিকটা পতন ঘটেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
আইডিএলসির প্রতিবেদন মতে, গতকালের বাজারে সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে ওষুধ খাতের কোম্পানিগুলোর শেয়ার। যদিও এ খাতের বেশির ভাগ কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। আর একক কোম্পানি হিসেবে গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডেলটা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশন। প্রতিষ্ঠানটির ১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। তবে দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে মাত্র ৪০ পয়সা। ডিএসইর তথ্য বলছে, তিন কার্যদিবস ধরে কোম্পানিটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংক, বিমা এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসহ শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় ঘনিয়ে এসেছে। এ কারণে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বাড়ছে।
ঢাকার বাজারে গতকাল সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম এক ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে অবশ্য সূচক কমতে থাকে, দিন শেষে যা অব্যাহত ছিল।
এদিন ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।
ঢাকার বাজারে দরবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে ছিল অলটেক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচআর টেক্সটাইল, কাশেম ড্রাইসেল ও ফারইস্ট ফিন্যান্স।
চট্টগ্রামের বাজারে বুধবার ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ৯৯টির, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।