ঢাকায় কমলেও লেনদেন বেড়েছে চট্টগ্রামে
চার দিন পর গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক খানিকটা কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৫৬ পয়েন্টে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। সিএসইর সার্বিক সূচকটি এদিন ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৭৫৪ পয়েন্টে। দুই কার্যদিবসের ব্যবধানে সেখানকার বাজারে গতকাল লেনদেন আবারও ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকার বাজারে সূচক ও লেনদেন কমে যাওয়াকে ‘মূল্য সংশোধন’ বলে অভিহিত করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস বাজারের লেনদেনের গতি-প্রকৃতি নিয়ে দিন শেষে যে প্রতিবেদন তৈরি করেছে তাতে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কয়েক দিনের দরবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়া বা পত্রকোষ ঢেলে সাজানোর প্রবণতা তৈরি হয়। এর ফলে বিক্রির চাপ বেশি ছিল।
ঢাকার বাজারে গতকাল ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম বেড়েছে, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত ছিল ৩০টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম।
ঢাকার বাজারে বুধবার লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৬৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে শেয়ারধারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার লভ্যাংশ ঘোষণার খবরটি নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
লভ্যাংশ ঘোষণার খবর গতকাল খুলনা পাওয়ারের শেয়ারের দামের ওপর প্রভাব ফেলে। প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা বা সাড়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ৫০ পয়সায়।
ডিএসইর তথ্যভান্ডার থেকে জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য খুলনা পাওয়ার শেয়ারধারীদের নগদ ও বোনাস মিলিয়ে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এ বছর তার পরিমাণ ১০ শতাংশ বেড়েছে, যার পুরোটাই নগদ।
ডিএসইতে লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট বা এসএপোর্ট। এককভাবে কোম্পানিটির প্রায় ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম সাড়ে চার টাকা বা প্রায় ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬০ টাকা।
এখানে উল্লেখ্য, খুলনা পাওয়ার ও এসএপোর্ট উভয় কোম্পানির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে সামিট গ্রুপ।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে সিএসইতে ১১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি।