তিন বছর নতুন পুঁজি তুলতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর মালিকানাধীন শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আরগন ডেনিমসকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আগামী তিন বছর শেয়ারবাজার থেকে কোনো ধরনের অর্থ সংগ্রহ করতে পারবে না।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সভায় আইপিওর অর্থ খরচে অনিয়মের দায়ে সালভো কেমিক্যালকে পাঁচ লাখ টাকা জরিমানা ও তিন বছরের জন্য পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরগন ডেনিমসের অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, যেসব অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা যাবে না। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘আইনবহির্ভূত কোনো ব্যবসায়িক কাজ আমি করি না।’
২০১৩ সালের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আরগন ডেনিমস। সে সময় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি ১০৫ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে। সংগৃহীত এ টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে তাও আইপিও বিবরণী বা প্রসপেক্টাসে উল্লেখ করা হয়। তার ভিত্তিতে সিকিউরিটিজ আইনের শর্ত সাপেক্ষে কোম্পানিকে অর্থ সংগ্রহ ও ব্যবহারের সম্মতি দেয় বিএসইসি।
বিএসইসি বলছে, প্রতিষ্ঠানটি আইপিওতে সংগৃহীত অর্থ খরচের যে বিবরণ দিয়েছিল তা পরিপালন করেনি। একাধিক ব্যাংকের ঋণ পরিশোধে বিবরণের চেয়ে বেশি অর্থ পরিশোধ করেছে। আবার ব্যাংকবহির্ভূত একটি আর্থিক প্রতিষ্ঠানের তিন কোটির টাকার ঋণও পরিশোধ করা হয়েছে, যা বিবরণীপত্রে উল্লেখ ছিল না। এ ছাড়া কোম্পানিটির আইপিওর প্রায় ২৮ কোটি টাকা ব্যাংকব্যবস্থার বাইরে নগদে লেনদেন হয়েছে, যা সরাসরি সিকিউরিটিজ আইনের লঙ্ঘন। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও তিন বছরের জন্য নতুন করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিএসইসির নেওয়া শাস্তি কার্যকর হলে আরগন ডেনিমস আগামী তিন বছরের মধ্যে অধিকারমূলক বা রাইট শেয়ার, পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব বা রিপিট আইপিও ইস্যু করতে পারবে না। এমনকি কোম্পানিটি আগামী তিন বছরের মধ্যে কোনো ধরনের নতুন শেয়ার ইস্যু করতে পারবে না।
অপর কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধেও প্রায় একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আইপিওর অর্থ পুরোপুরি খরচ না করেই বিএসইসিকে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে সংগৃহীত টাকা খরচ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটি আইপিওর দুই কোটি ২১ লাখ টাকা ব্যাংকব্যবস্থার বাইরে নগদে লেনদেন করেছে। এ কারণে কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিন বছরের জন্য পুঁজিবাজার থেকে নতুন মূলধন সংগ্রহের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।