আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম খানিকটা বেড়ে আবার ব্যারেলপ্রতি ৩০ মার্কিন ডলারে উঠেছে। এই তেলের অন্যতম প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গতকাল মঙ্গলবার ব্যারেলপ্রতি ৩০ ডলার ৬৭ সেন্টে উঠেছে। আর যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ইউএস অয়েলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ৩০ ডলার ৩২ সেন্ট হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে রেলওয়ের মাধ্যমে ২০১৫ সালে পণ্য পরিবহনের পরিমাণ ১১ দশমিক ৯ শতাংশ কমে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে গতকাল প্রথম দিকে তেলের দাম কিছুটা পড়ে গিয়েছিল। চীনে এর আগের বছর ২০১৪ সালে আগের বছরের তুলনায় রেলে পণ্য পরিবহনের পরিমাণ ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল।
তবে সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ ফিউচারসের বিশ্লেষক ড্যানিয়েল অং বলেন, দাম খানিকটা বাড়লেও জ্বালানি তেলের মৌলিক ভিত্তি এখনো দুর্বলই রয়ে গেছে। তেলের দাম বাড়তে থাকবে এমনটা দেখা কঠিনই হবে।
পাইনব্রিজ ইনভেস্টমেন্টস নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাৎসুশি মায়েনো বলেন, ‘আপনি চীন, যুক্তরাষ্ট্র ও তেলের বাজার যেদিকেই তাকাবেন, কোথাও অর্থনীতির মৌলিক বিষয়গুলোতে উল্লেখযোগ্য উন্নয়নের সুনির্দিষ্ট কোনো প্রমাণ আপনার চোখে পড়বে না।’
এদিকে চীনের অর্থনীতির দুর্বলতার কারণে গতকাল মঙ্গলবারও বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোর মূল্যসূচক কমেছে। এর মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৭৫ শতাংশ কমেছে। আবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স ও ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ করে।
চীনের সাংহাইয়ের সমন্বিত সূচক গতকালও ৬ দশমিক ৪ শতাংশ পড়েছে। হংকংয়ের হেং সেং সূচক কমেছে ২ দশমিক ৪ শতাংশ।
চীনের সাংহাইয়ের শেয়ারবাজারের সমন্বিত সূচক পড়ে যাওয়া সম্পর্কে কাইউয়ান সিকিউরিটিজের বিশ্লেষক ইয়াং হাই বলেন, ‘আমরা আরও একটি বিশৃঙ্খল অবস্থা দেখলাম, যা ঘটেছে আতঙ্কের কারণে।’
রবোব্যাংকের মাইকেল এভরি বলেন, বিনিয়োগকারীরা এখন তাঁদের টাকা তুলে নিতে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এই শেয়ারবাজার পুনরায় স্থিতিশীল হওয়ার আগে সূচক আরও অন্তত ১০ শতাংশ কমতে পারে।
চলতি বছরে এখনো মাত্র এক মাস না পেরোলেও ইতিমধ্যে সূচক ১৭ শতাংশ পড়ে গেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল সোনার দাম কিছুটা বেড়েছে। ‘সেফ-হ্যাভেন কমোডিটি’ বা নিরাপদ বিনিয়োগ উপাদান খ্যাত সোনার দাম বেড়ে এদিন প্রতি আউন্স প্রায় ১ হাজার ১১৩ ডলারে উঠেছে। গত নভেম্বরের পরে এটিই সোনার সর্বোচ্চ দাম। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০১৫ সালে কমেছিল ১০ শতাংশ। সূত্র: বিবিসি।