দরপতনে লেনদেন কমেছে ১০ শতাংশের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন প্রায় সাড়ে ১০ শতাংশ কমে গেছে।

গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৮০ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬৬৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন ১০ দশমিক ৪০ শতাংশ বা ৫৮৯ কোটি টাকা কমেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বড় অংশ গত সপ্তাহের বাজারের পতনকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে অভিহিত করেছেন। তবে কেউ কেউ বলছেন, আগামী বুধবার চলতি বছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেখানে পুঁজিবাজার ও মুদ্রার সরবরাহব্যবস্থা সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কী অবস্থান গ্রহণ করতে যাচ্ছে, তা নিয়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, মুদ্রানীতি সামনে রেখে বাজারের একটি অংশ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সংশয় ছড়িয়ে সুবিধা নিতে চাইছেন। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে বাজারে দরপতন ঘটাতে পারলে কম দামে শেয়ার কেনার সুযোগ নিতে চান অনেকে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ মনে করেন, বর্তমানে বাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয়। তাই কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এ নিষ্ক্রিয়তার কারণ হিসেবে তিনি বলেন, বাজেটকে ঘিরে বাজারে একধরনের গতি সঞ্চার হয়েছিল। তাতে শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এরপর স্বাভাবিকভাবেই বড় একটি অংশ মুনাফা তুলে নেবেন, এটাই স্বাভাবিক। এখন ওই অংশটি মূল্য সংশোধনের অপেক্ষায় আছেন।

এদিকে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৩৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ২০০টির, বেড়েছে ১১৬টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম।

ডিএসইতে গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ১ হাজার ১৬ কোটি টাকায়, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১৩৪ কোটি টাকা। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বা ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে।