দরপতনে শেষ হলো সপ্তাহের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন ইতিবাচক প্রবণতার পর সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ৪ হাজার ৫১৫ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে ১০৯ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে ১৩ হাজার ৯০৫ পয়েন্টে নেমে গেছে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ডিএসইতে।
জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, বাজেট ঘোষণার পর অনেক বিনিয়োগকারী তাঁদের বিনিয়োগ সমন্বয় করছেন। অনেকে অপেক্ষাকৃত কম দামে কেনা শেয়ার বেশি দাম পেয়ে বিক্রি করে দিচ্ছেন। তাই বাজারে শেয়ার বিক্রির চাপ রয়েছে।
ডিএসইতে গতকাল ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। মোট ৪৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫২১ কোটি টাকার চেয়ে ৭১ কোটি টাকা কম।
অন্যদিকে সিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। মোট ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে।