দাম ও সূচকের টানা পতনে হতাশ বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে টানা দরপতন চলছে। চার দিন ধরে সূচক কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এতে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল মঙ্গলবার দিন শেষে আবারও প্রায় ৪ হাজার ৩৫০ পয়েন্টের কাছাকাছি নেমে এসেছে। সেই সঙ্গে লেনদেনও নেমে এসেছে সোয়া তিন শ কোটি টাকায়।
বাজারের এ ধরনের মন্দাবস্থার কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিন ধরে বাজারে এভাবে দুরবস্থা চলতে থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিরাশা ভর করছে। অনেকে আগ্রহ হারিয়ে ফেলছেন বাজার নিয়ে।
গত কয়েক দিনের পতন নিয়ে বাজার-সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। এ সময় তাঁরা নাম প্রকাশ না করার শর্তে কিছুটা বিরক্তি ও হতাশার সুরে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে এখন খুব একটা আশা আর করি না। প্রতিষ্ঠান হিসেবে বাজারের সঙ্গে নিবিড়ভাবে জড়িত বলে অন্য কোথাও যাওয়ার সুযোগ কম। তাই কোনো রকমে টিকিয়ে রেখেছি নিজেদের।’
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার দিন ঢাকার বাজারে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু বাজেট ঘোষণার পর থেকে আবারও মন্দার কবলে পড়ে বাজার। ৫০০ কোটি টাকার লেনদেন কমতে কমতে নেমে আসে সোয়া তিন শ কোটি টাকায়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বাজেটে শেয়ারবাজারের জন্য বিশেষ কিছু প্রণোদনার ঘোষণা থাকবে এমন আশা করেছিলেন। কিন্তু শুধু অর্থমন্ত্রীর আশাবাদের কথা শোনানো ছাড়া প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য তেমন কিছুই ছিল না। এ কারণে দুই স্টক এক্সচেঞ্জ বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় তাদের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানায়।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২৮ কোটি টাকা। এর মধ্যে ৩৮ কোটি টাকাই এসেছে আবার ‘ব্লক’ লেনদেন থেকে। এদিন তালিকাভুক্ত ১১টি কোম্পানির শেয়ার ‘ব্লকে’ লেনদেন হয়। সাধারণত ব্লক বাজারে প্রাতিষ্ঠানিক ক্রেতা-বিক্রেতা আগেই দরদাম ঠিক করে থাকেন। এরপর লেনদেনে অংশ নিয়ে শেয়ারের হাতবদলের কাজটি বাজারব্যবস্থার মাধ্যমে করে থাকেন। ব্লক বাজারে তাই সচরাচর সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকে না।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৬ পয়েন্ট কমে নেমে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে নেমে এসেছে।