দাম কমা শীর্ষ ১০ প্রতিষ্ঠানের পাঁচটিই মিউচুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্যসূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩১ পয়েন্ট। আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪১৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা কম।
ডিএসইতে গতকাল দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই ছিল মিউচুয়াল ফান্ড। সম্প্রতি মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়নের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন বিনিয়োগকারী উচ্চ আদালতে রিট আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে আদালত মিউচুয়াল ফান্ডের অবসায়নের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। এ খবরে এদিন মিউচুয়াল ফান্ড খাতে একধরনের অস্থিরতা দেখা যায়।
এদিকে আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেওয়ার গতকালই ছিল শেষ দিন। কারণ, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তিতে সর্বনিম্ন তিন দিন সময় লাগে। তাই ছুটির আগে অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য গতকাল শেয়ার বিক্রি করেছেন। তাঁরা আগামীকাল মঙ্গলবার শেয়ার বিক্রির টাকা তুলতে পারবেন।
ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধবার থেকে শেয়ারবাজারে পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পুনরায় লেনদেন শুরু হবে। সেই হিসাবে ছুটির আগে আজ সোম ও আগামীকাল মঙ্গলবার এ দুই দিন বাজারে লেনদেন হবে। নিয়ম অনুযায়ী, এ দুই দিনে কেউ শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলতে পারবেন না।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার জন্য গতকালের বাজারে বিক্রির চাপ কিছুটা বেশি ছিল। তবে এর আগে টাকা তুলে নিয়ে বিনিয়োগকারীদের একটি অংশ সাময়িকভাবে বাজারে নিষ্ক্রিয় হয়ে পড়ায় গতকাল লেনদেন কম হয়েছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঈদের আগে গত কয়েকটি লেনদেন দিবস ধরেই বাজারে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। শেয়ারের দামের খুব বেশি উত্থান-পতন নেই। সেই ধারাটিই গতকালও বিদ্যমান ছিল।
মনিরুজ্জামান আরও বলেন, গতকালের বাজারে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মিউচুয়াল ফান্ড নিয়ে এক বিনিয়োগকারীর করা রিট আবেদন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন প্রক্রিয়ার ওপর ছয় মাসের স্থগিতাদেশ আরোপ করেছেন। এর ফলে গতকাল দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই ছিল মিউচুয়াল ফান্ড।