দাম বেড়েছে আড়াই থেকে ৯ গুণ

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ৯ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। এসব কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন আড়াই থেকে সর্বোচ্চ ৯ গুণ পর্যন্ত বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ওটিসি (ওভার দ্য কাউন্টার) বাজার থেকে গত ১৩ জুন মূল বাজারে তালিকাভুক্ত হয়। ওই দিন কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ১৭ টাকা ৬০ পয়সা। মাত্র দুই মাসের ব্যবধানে গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯ গুণ বেড়ে হয়েছে ১৫৫ টাকা। অপর কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ারের দাম গত এক বছরে আড়াই গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকায়।

শেয়ারবাজারের টানা উত্থানের সুযোগে এ রকম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে বেশ কিছু শেয়ারের। তাদের মধ্য থেকে পেপার প্রসেসিং ও এমারেল্ড অয়েলসহ মোট ৯টি কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য গতকাল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই মাসের মধ্যে কমিশনের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লিখিত দুটি কোম্পানির বাইরে অন্য সাতটি হলো: আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ঢাকা ডায়িং, ফু-ওয়াং সিরামিক ও বিকন ফার্মা।

বিএসইসি সূত্রে জানা গেছে, যে ৯ কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে, সেগুলোকে বেশ কিছু দিন ধরে তদারকির মধ্যে রাখা হয়েছিল। তাতে সন্দেহজনক কিছু আলামত পাওয়া যায়। এ কারণে বিশদ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে। এ ছাড়া কমিটিতে আছেন বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো যে আয় ও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে, সেগুলো যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি কারসাজির কোনো ঘটনা রয়েছে কি না, তা তদন্ত কমিটি পর্যালোচনা করবে। সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্যই বাজার তদারকির অংশ হিসেবে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে বাজারের ঊর্ধ্বমুখী ধারা কারসাজিকারকদের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

এক বছরে কোনটির দাম কত বাড়ল

গত বছরের আগস্টে ডিএসইতে আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৫ টাকা। এক বছরের ব্যবধানে সেই শেয়ারের দাম তিন গুণ বা ২৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১০ টাকা। মূলত গত এপ্রিল মাস থেকেই কোম্পানিটির শেয়ারের দাম এক টানা বেড়েছে। ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি মাত্র ১৫ কোটি টাকার স্বল্প মূলধনি একটি কোম্পানি। বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িংয়ের শেয়ারের দাম এক বছরের ব্যবধানে সাড়ে তিন গুণের বেশি বা ২৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৪ টাকায়।

একই ভাবে এক বছরের ব্যবধানে বিকন ফার্মার ৮৭ টাকার শেয়ারের দাম হয়ে গেছে ২০৯ টাকা। গত বছরের আগস্ট থেকে চলতি আগস্ট—এ সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় আড়াই গুণ বা ১৪২ শতাংশ। মাঝারি মানের ‘বি’ শ্রেণিভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা।

এ ছাড়া এ বছরের ব্যবধানে বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের সাড়ে ২৩ টাকার শেয়ার পাঁচ গুণ বা ৪০৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের দাম আড়াই গুণ বা ১৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের সাড়ে ৯ টাকার শেয়ারের দাম সাড়ে তিন গুণ বা ২৩৮ শতাংশ ও জিবিবি পাওয়ারের ১৪ টাকার শেয়ারের দাম এক বছরের ব্যবধানে আড়াই শতাংশ বা ১৪৫ শতাংশ বেড়েছে।

তদন্ত কমিটি কী কী দেখবে

তদন্তের আওতায় আসা ৯ কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোনো প্রতারণামূলক তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত কমিটি গঠনসংক্রান্ত আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখার পাশাপাশি বাজারে এসব শেয়ারের দাম বাড়াতে কোনো ধরনের কারসাজিমূলক পদক্ষেপ ছিল কি না, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের মাধ্যমে মূল্যবৃদ্ধিতে কোম্পানির সুবিধাভোগীদের কোনো যুক্ততা রয়েছে কি না, আইন লঙ্ঘন করে কোনো লেনদেন সংঘটিত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

এদিকে গতকাল সকালে লেনদেন চলাকালেই তদন্ত কমিটি গঠনসংক্রান্ত আদেশ জারি করা হয়। তদন্ত কমিটি গঠনের খবরে গতকাল ৯টি কোম্পানির শেয়ারেরই দরপতন ঘটে। এর মধ্যে শতাংশের হিসাবে সর্বোচ্চ দরপতন ঘটেছে ঢাকা ডায়িংয়ের।