নতুন বছরের প্রথম সপ্তাহটি দারুণভাবে পার করেছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। গত সপ্তাহের মতো এমন একটি চাঙা সপ্তাহ সাম্প্রতিক সময়ে খুব বেশি দেখেননি এ বাজারের বিনিয়োগকারীরা। যে সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকায়। আর সপ্তাহ শেষে বাজার মূলধনও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।
ঢাকার বাজারে নতুন বছরের প্রথম সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠের দাম বেড়েছে। তাতে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ২২০ পয়েন্ট বা ৪ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ পয়েন্টে। আর গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ৮২৯ কোটি টাকা বা প্রায় ৭১ শতাংশ বেশি।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের পর শেয়ারবাজার এ রকম চাঙা একটি সপ্তাহ পার করল। কারণ হিসেবে তাঁরা বলছেন, ব্যাংক খাতে সুদের হার কমে যাওয়ায় ও করোনায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় শিল্পমালিক থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের অনেকে শেয়ারবাজারমুখী হয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির করা নতুন বিধান। আইপিও আবেদন করতে হলে সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এ বিনিয়োগ না থাকলে কেউ আইপিওতে আবেদন করতে পারবে না। আগামী এপ্রিল থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। বিএসইসির করা এ বিধানের ফলে বাজারে বিনিয়োগ বাড়বে। এ কারণেও অনেকে নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, রবি আজিয়াটা আসার পর বাজারে লেনদেনে নতুন করে গতি এসেছে। এ কোম্পানিকে কেন্দ্র করে বাজারে নতুন বিনিয়োগ এসেছে। বাজার ভালো থাকায় রবির শেয়ার থেকে ভালো মুনাফা পেয়েছেন সবাই। সেই শেয়ার বিক্রি করে অনেকে অন্যান্য শেয়ারে বিনিয়োগ করছেন। এ ছাড়া আইপিওর শেয়ারে আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম বিনিয়োগের শর্তারোপ নতুন বছরে নতুন গতি সঞ্চার করেছে বাজারে।
লেনদেন ও সূচকে বেশ চাঙাভাব থাকলেও বাজার নিয়ে এখনই দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন শাকিল রিজভী। তিনি মনে করেন, বাজারের এ ধারা অব্যাহত থাকলে ও ভালো শেয়ারের জোগান বাড়ানো গেলে ভয়ের কিছু নেই। তবে বিনিয়োগকারীদের অবশ্যই ভালো শেয়ারের বিনিয়োগ করতে হবে।
গত সপ্তাহে ঢাকার বাজারে মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা। সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল এ কোম্পানি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে এটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৮ টাকা বা প্রায় ৬০ শতাংশ। তাতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকায় বিক্রি হওয়া রবির শেয়ার তালিকাভুক্তির মাস না ঘুরতেই ৫০ টাকা ছুঁই ছুঁই করছে। গত ২৪ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে রবির লেনদেন শুরু হয়। লেনদেন হয়েছে ১০ কার্যদিবস। এর মধ্যে প্রথম দুই কার্যদিবসে এটির দাম বাড়ে ৫০ শতাংশ করে। এরপর বাকি আট দিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রতিদিনই ১০ শতাংশ করে বেড়েছে। টানা উত্থানে মাত্র ১০ কার্যদিবসে রবি মূল্য আয় অনুপাত বা পিই রেশিও সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৭-তে।
রবির শেয়ারের এ উত্থানের কারণে বাজার মূলধনও রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭০ হাজার কোটি টাকায়। গত সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫৮৪ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশই ছিল এ দুই কোম্পানির দখলে।