দুই কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোম্পানি দুটি হলো ফার কেমিক্যাল ও শাহজীবাজার পাওয়ার।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রোববার কমিটি দুটি গঠন করেছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসি জানিয়েছে, ফার কেমিক্যালের জন্য গঠিত দুই সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন সংস্থাটির পরিচালক আবুল
কালাম ও সহকারী পরিচালক ইকবাল হোসেন। আর শাহজীবাজার পাওয়ারের জন্য গঠিত কমিটির সদস্যরা হলেন উপপরিচালক ইউসুফ ভূঁইয়া ও সহকারী পরিচালক রাকিবুর রহমান। দুই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।
গত ৮ জুলাই ফার কেমিক্যাল ও ১৫ জুলাই শাহজীবাজার পাওয়ারের লেনদেন শুরু হয় দেশের শেয়ারবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই ফার কেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৩ টাকা। আট কার্যদিবসের ব্যবধানে গতকাল তা বেড়ে হয়েছে ৫৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ মাত্র আট দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৬ টাকা ২০ পয়সা বেড়েছে।
একই সময়ের ব্যবধানে শাহজীবাজার পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ২৮ টাকা বেড়ে গতকাল সাড়ে ৬৪ টাকায় উঠেছে। মাত্র আট কার্যদিবসে নতুন তালিকাভুক্ত কোম্পানি দুটির এমন মূল্যবৃদ্ধির ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছে বিএসইসি। এ জন্য কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে সংস্থাটি।
এদিকে টানা নয় দিনের ছুটি শেষে গতকাল রোববার থেকে শেয়ারবাজারে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।