দুই ঘণ্টায় ডিএসইএক্স অবস্থান করছে ৪৯০৭ পয়েন্টে
দুই দিন পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় সূচক উঠে এসেছে ৪৯০০ পয়েন্টের ওপরে। এ ছাড়া দৈনন্দিন লেনদেনের ভালো গতি আছে আজ ডিএসইতে।
অপরদিকে সিএসইতেও দৈনন্দিন লেনদেনের গতি ভালো লক্ষ করা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯০৭ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৫৫৮ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪০ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১১০ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৮ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৬০ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৪৯টির। দর অপরিবর্তিত ২৮টির।