ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিএসইসি
দুই দিনে দুই রূপে ইউনাইটেড এয়ারের শেয়ারের লেনদেন
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের শেয়ারের অনাকাঙ্ক্ষিত উত্থান-পতন ঘটেছে শেয়ারবাজারে। বিমান উড্ডয়ন বন্ধের ঘোষণায় বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন স্তরে নেমেছিল এটির দাম। আর সংকট কাটিয়ে উড্ডয়ন শুরুর ঘোষণায় গতকাল রোববার ঘটেছে ঠিক উল্টোটি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেনের শুরুতেই দিনের সর্বোচ্চ স্তরে ওঠে।
দিন শেষে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম গতকাল এক দিনে এক টাকা বা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৯০ পয়সা। গত বৃহস্পতিবার এর প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৭ শতাংশ বা ৯০ পয়সা কমে দাঁড়ায় ১০ টাকা ৯০ পয়সায়। বিমান চলাচল বন্ধের ঘোষণায় আতঙ্কিত বিনিয়োগকারীরা ওই দিন সকাল থেকে শেয়ার বিক্রির জন্য হুমড়ি খেয়ে পড়েন। আর গতকাল ছিল উল্টো চিত্র। লেনদেনের শুরু থেকে শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় এটির দাম সর্বোচ্চ সীমা ছুঁয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে যেগুলোর বাজার দর ১০০ টাকার কম, সেসব শেয়ারের দামের ওঠানামার ওপর প্রতিদিন ১০ শতাংশের সীমা আরোপিত (সার্কিট ব্রেকার) থাকে। অর্থাৎ এসব কোম্পানির শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশের বেশি ওঠানামা করতে পারবে না।
ইউনাইটেডকে ঘিরে গত কয়েক দিনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। গতকাল এ কমিটি গঠন করে বিএসইসি। সংস্থাটির পরিচালক আবুল কালামকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন উপপরিচালক নজরুল ইসলাম ও আল মাসুম মৃধা। কমিটিকে ২১ কার্যদিবসের তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া চিঠির জবাবে কোম্পানিটি উড্ডয়ন বন্ধের ব্যাখ্যা দিয়েছে। নিয়ম থাকলেও উড্ডয়ন বন্ধের বিষয়টি স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়নি। ডিএসইর চিঠির জবাবে ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার কারণে ২৪ সেপ্টেম্বর থেকে কোম্পানি সচিব কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ কারণে পরিচালকেরা তাঁকে বিষয়টি অবহিত করতে পারেননি। তাই ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
২০০৭ সালে চালু হওয়া ইউনাইটেড এয়ার ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির ৫৬ কোটি ৮০ লাখ শেয়ারের মধ্যে ৫২ কোটি ৬৫ হাজারের বেশি শেয়ারের মালিক সাধারণ বিনিয়োগকারী।
কোম্পানিটির পরিচালকদের দ্বন্দ্ব ও আর্থিক সংকটে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত ইউনাইটেডের সব ধরনের উড্ডয়ন বন্ধ ছিল। শুক্রবার দিনভর কয়েক দফা বৈঠকের পর রাতে সমঝোতায় পৌঁছায় পরিচালকদের বিবদমান দুটি পক্ষ। স্বপদে ফিরিয়ে আনা হয় পদত্যাগী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক(এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরীকে। পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদ কিছুটা পুনর্গঠন করা হয়। তাতে মাহাতাবুর রহমানকে কার্যকরী চেয়ারম্যান ও শাহীনুর আলমকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এই দুজন আগে কোম্পানিটির পরিচালক ছিলেন।
বাজার পরিস্থিতি: গত কিছুদিনের ধারাবাহিকতায় গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসেও শেয়ারবাজারের তেজিভাব অব্যাহত ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২ পয়েন্টে। এটিই গত বছরের ২৭ জানুয়ারি চালু হওয়া নতুন এ সূচকের সর্বোচ্চ অবস্থান। পাঁচ হাজার পয়েন্টের ওপরে সূচকের অবস্থানের পাশাপাশি গতকাল লেনদেনও এক হাজার ১০০ কোটি টাকার ঘরে ছিল।