দুই বাজারে সূচকের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক দুটোই কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে নেমেছে। ডিএসই৩০ সূচকও ৫ পয়েন্ট কমেছে। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬৩ পয়েন্টে নেমেছে।
আগের কার্যদিবস অর্থাৎ গত বৃহস্পতিবারও ডিএসইএক্স সূচক কমেছিল ২৮ পয়েন্ট। ওই দিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ১০০ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত থাকে ৪২টি প্রতিষ্ঠানের। এদিন ডিএসইতে মোট ২৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৩২৮ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে গতকাল ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। সিএসইতে গতকাল মোট ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে দুই কোটি টাকা বেশি। বৃহস্পতিবার সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এই কোম্পানির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের শীর্ষদশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো এমজেএল বিডি, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইফাদ অটোস, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিম, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন ও হেইডেলবার্গ সিমেন্ট।
সিডিবিএলের দুঃখ প্রকাশ: গত বৃহস্পতিবার শেয়ার লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তিতে বিঘ্ন ঘটায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গতকাল রোববার দুঃখ প্রকাশ করেছে। সিডিবিএলের কারিগরি ত্রুটির কারণে ওই দিন শেয়ারবাজারের লেনদেন চূড়ান্ত নিষ্পত্তিতে সমস্যা দেখা দেয়। এতে ব্রোকারদের দুর্ভোগ পোহাতে হয়।
সিডিবিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সিডিবিএলের সফটওয়্যারে ত্রুটির কারণে এর পরিচালন কার্যক্রমে জটিলতা দেখা দেয়। এতে স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া সিকিউরিটিজের (শেয়ার ও মিউচুয়াল ফান্ড) নিষ্পত্তিতে বিঘ্ন ঘটে। সিডিবিএল ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সিএমসি লিমিটেড, ইন্ডিয়ার চেষ্টায় রাত নয়টার দিকে এ ত্রুটি সমাধান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সিডিবিএলের সিডিএস সফটওয়্যার যথাযথভাবে কাজ করছে এবং লেনদেন যথাযথভাবে সম্পন্ন হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি রোধ নিশ্চিত করতে সিডিবিএল ও সিএমসি লিমিটেড, ইন্ডিয়া কাজ করে যাচ্ছে।
ডিএসইর নতুন সফটওয়্যার: বুকবিল্ডিং ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে ডিএসইর আইসিটি বিভাগ নতুন একটি সফটওয়্যার তৈরি করেছে। বিদ্যমান বুকবিল্ডিং সফটওয়্যারে এটি প্রতিস্থাপন করা হবে।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, নতুন এই সফটওয়্যারে বেশ কিছু বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে, যা ব্যবহারকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রেগুলেটরি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব হবে।