লেনদেন শুরুর দ্বিতীয় দিনেই বিক্রয়মূল্যের নিচে নেমে গেছে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম। গতকাল মঙ্গলবার দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৩ টাকা ১০ পয়সা। সে কারণে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে যেসব বিনিয়োগকারী এটির শেয়ার বরাদ্দ পেয়েছেন তাঁরা বিক্রি করতে লোকসানের মুখে পড়েছেন।
১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে এটির প্রতিটি শেয়ার বিক্রি হয় ২৫ টাকায়। গত সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে যতগুলো কোম্পানির লেনদেন শুরু হয়েছে তার মধ্যে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম দ্বিতীয় দিনে বিক্রয়মূল্যের নিচে নেমে এসেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত কয়েক বছরে যেসব আইপিও অনুমোদন দিয়েছে তার অনেকগুলোরই মান নিয়ে প্রশ্ন ছিল। এ কারণে লেনদেন শুরুর কিছুদিন যেতে না-যেতেই কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে থাকে। এখন এসে দ্বিতীয় দিনেই বাজারমূল্য শেয়ারের বিক্রয়মূল্যের নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়বে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশ এ প্রবণতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাঁদের অভিমত, এর ফলে যদি বিনিয়োগকারীরা দেখেশুনে আইপিওতে আবেদন করেন তাহলে সেটি বাজারের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি বাজারে আসা নতুন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ঠেকাতে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বন্ধ করে দেয়। এ কারণে নতুন শেয়ার নিয়ে কারসাজির প্রবণতাও কিছুটা কমে আসে।
রিজেন্ট টেক্সটাইল আইপিওতে পাঁচ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানিটি তাদের আইপিও আবেদনে জানিয়েছে, বাজার থেকে সংগ্রহ করা টাকা দিয়ে বর্তমান কারখানা আধুনিকায়নের পাশাপাশি তৈরি পোশাকের নতুন একটি ইউনিট স্থাপন করা হবে।
বাজার পরিস্থিতি: দেশের শেয়ারবাজারে গতকালও দরপতনের ধারা অব্যাহত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২০ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে। কমেছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩২৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১২ পয়েন্টে। দিন শেষে লেনদেন হয়েছে প্রায় ২১ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।