দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচক বেড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন মঙ্গলবারের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৭ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ২ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক প্রায় ৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯২২ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৯ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল ৯৩ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০ টিরই দাম বেড়েছে। কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৪৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি। মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৪১০ কোটি টাকার লেনদেন হয়।

অন্যদিকে সিএসইতে ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩ টিরই দাম বেড়েছে। কমেছে ৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩৫ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে তশরিফা ইন্ডাস্ট্রিজ। আজই শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনে প্রতিষ্ঠানটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ৩৭ দশমিক ৩১ শতাংশ বা ৯ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। আজ এটির সর্বোচ্চ দাম ওঠে ৫০ টাকা।
এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ইউনাইটেড এয়ার, কেপিসিএল, ফ্যামিলি টেক্স, বেক্সিমকো, সামিট পাওয়ার, এমজেএল বিডি, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা প্রভৃতি।