দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করেছে। প্রতিষ্ঠান দুটি হলো ডিএসইর সদস্য গ্লোবাল সিকিউরিটিজ ও সিএসইর সদস্য ফিনভেস্ট সার্ভিসেস। গত মঙ্গলবার বিএসইসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, ঋণ অযোগ্য শেয়ারের ঋণসুবিধা প্রদান, নির্দেশনা অমান্য করে পাঁচ লাখ টাকার বেশি নগদে লেনদেন, গ্রাহকদের শেয়ার-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে গ্লোবাল সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০১২ সালে ডিলার হিসেবে কোনো লেনদেন না করায়, ঋণচুক্তি ছাড়াই ঋণ প্রদান ও ঋণ অযোগ্য শেয়ারে ঋণসুবিধা দেওয়ার অপরাধে ফিনভেস্ট সার্ভিসেসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার হিসেবে পরিচিত।