দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুটি ব্রোকারেজ হাউসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো এবি সিকিউরিটিজ ও ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে। বিএসইসির গতকাল মঙ্গলবারের সভায় এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির মধ্যে এবি সিকিউরিটিজ নগদে পাঁচ লাখ টাকা বেশি লেনদেন করে ও গ্রাহকের পরিশোধযোগ্য তহবিলে ছয় কোটি টাকার বেশি ঘাটতি রেখে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আর ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট গ্রাহকদের ঋণ অযোগ্য শেয়ার ও সীমার অতিরিক্ত ঋণসুবিধা প্রদান, কোম্পানির পরিচালকদের ঋণ প্রদান ও ডিলার হিসেবে দীর্ঘদিন লেনদেন না করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। সে জন্য এই প্রতিষ্ঠানকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।