দুই স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতায় সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাই সূচকের নিম্নমুখী এই প্রবণতা। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে ৭২২ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৭০ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক সামান্য বাড়লেও ১০ মিনিট পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৭২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৬৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৪৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৪৪ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে আরএসআরএম স্টিল
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে আরএসআরএম স্টিল। আজ প্রতিষ্ঠানটির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কেপিসিএল, এমজেএল বিডি, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, গোল্ডেন সন প্রভৃতি।