দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠন
দেশের দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জের জন্য নতুন ও পুরোনো মিলিয়ে ৭ জন করে মোট ১৪ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির গতকাল রোববার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ও সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেনকে।
মূলত দুই এক্সচেঞ্জের সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালক পদেই এ পুনর্গঠন করা হয়। চলতি মাসে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকদের পদের মেয়াদ শেষ হওয়ায় তা পুনর্গঠন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাতজন স্বতন্ত্র পরিচালক পদে আগের পাঁচজনকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক আবুল হাশেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম ও বুয়েটের শিক্ষক মো. কায়কোবাদ। তাঁদের মধ্যে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বর্তমানে ডিএসইর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগের স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে বাদ পড়েছেন রুহুল আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান। এই দুজনের স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান ও সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মনসুর মো. আশরাফ খান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাত স্বতন্ত্র পরিচালক পদে আগের তিনজনকে বহাল রাখা হয়েছে। তাঁরা হলেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আইয়ুব ইসলাম, মঈনুল ইসলাম মাহমুদ। আর নতুন করে যে চারজনকে অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন সাবেক কূটনীতিক এ কে আবদুল মোমেন, সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম সালামত উল্লাহ ভূঁইয়া ও সুপার নিটিং অ্যান্ড ডায়িংয়ের প্রধান নির্বাহী প্রদীপ পাল। সিএসইর স্বতন্ত্র পরিচালক পদ থেকে বাদ পড়েছেন সংস্থাটির বর্তমান সভাপতি এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, পুনর্গঠিত পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে দুই স্টক এক্সচেঞ্জের নতুন সভাপতি নির্বাচিত করা হবে।