দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির এক মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালে নিযুক্ত মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় অভিযুক্ত অণু জায়গিরদার ও মসিউর রহমানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ।

এর আগে একই মামলায় অভিযুক্ত দেশের শীর্ষ পর্যায়ের দুই ব্যবসায়ী খালাস দেন ট্রাইব্যুনাল। খালাস পাওয়া শীর্ষ দুই ব্যবসায়ী হলেন ব্যাংক এশিয়া ও র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী এবং এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। পাশাপাশি মামলার অভিযোগ থেকে প্রিমিয়াম সিকিউরিটিজকেও খালাস দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এত দিন এ মামলায় অভিযুক্ত মসিউর রহমান ও অণু জায়গিরদারের বিচার কার্যক্রম স্থগিত ছিল।

মামলার বাদী বিএসইসির পক্ষে ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী মাসুদ রানা প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুই আসামির বিষয়ে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার থেকে পুনরায় ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে এদিন মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অভিযুক্ত দুজন আদালতে অনুপস্থিত থাকায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা দায়েরের সময় মসিউর রহমান ছিলেন প্রিমিয়াম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। আর অণু জায়গিরদার ছিলেন পরিচালক। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানার হাতবদল হয়ে যায়।

ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীসহ একাধিক সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জুলাই ট্রাইব্যুনাল প্রিমিয়াম সিকিউরিটিজের মামলাটি আমলে নেয় এবং চার্জ গঠন হয় ৯ জুলাই। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে আসামিরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। যেসব লেনদেনের বড় অংশই ছিল মিথ্যা বা প্রতারণামূলক। ৯৬ সালের প্রিমিয়াম সিকিউরিটিজ ছিল ডিএসইর শীর্ষ পর্যায়ের ব্রোকারেজ হাউস ও ডিভিপির (ডেলিভারি বনাম পেমেন্ট) মাধ্যমে বিদেশিদের শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান। ওই বছরের জুলাই থেকে নভেম্বরে প্রতিষ্ঠানটি প্রায় ১২৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে। যার মধ্যে ডিভিপি লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৬ কোটি টাকা। বিদেশি ডিভিপিতে প্রিমিয়াম সিকিউরিটিজ ২১ লাখ ৪৩ হাজার শেয়ার বিক্রি করে। কিন্তু পরবর্তী সময়ে কেলেঙ্কারির ঘটনার পর তদন্ত কমিটি ডিএসই নথিতে খুঁজে পায় প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ৬৫ হাজার শেয়ার বিক্রি করেছে। আর ব্যাংক নথিতে দেখতে পায় ২ লাখ ৩৪ হাজার শেয়ার বিক্রি করা হয়েছে।