দেড় মাসে সাড়ে ৮ হাজার টাকা মুনাফা ৫০০ শেয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্তির প্রথম দিনেই ১৭ টাকা ১০ পয়সা বা ১৭১ শতাংশ দাম বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমসের। গতকাল মঙ্গলবার দিন শেষে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজারমূল্য ছিল ২৭ টাকা। প্রথম দিনেই লেনদেনের শীর্ষ স্থানটিও দখলে ছিল এ কোম্পানির।
প্যাসিফিক ডেনিমসের অভিষেকের দিনে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনের কিছুটা উন্নতি হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে প্রায় ৭৮ পয়েন্ট।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে প্যাসিফিক ডেনিমসের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৩২ টাকায়। দিনের একপর্যায়ে তা বেড়ে সর্বোচ্চ ৩৫ টাকায় ওঠে। যদিও পরে তা নেমে আসে ২৭ টাকায়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে সাড়ে ৭ কোটি শেয়ার বাজারে ছাড়ে। লেনদেনের প্রথম দিনেই ঢাকার বাজারে কোম্পানিটির প্রায় ২ কোটি ২৭ লাখ শেয়ারের হাতবদল হয়। আর চট্টগ্রামের বাজারে হাতবদল হয়েছে প্রায় ৫৪ লাখ শেয়ার।
গত ১১ থেকে ১৯ ডিসেম্বর কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ করা হয়। এটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে ছিল ৫০০ শেয়ার। সেই হিসাবে প্রতি বাজারগুচ্ছের জন্য বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হয় ৫ হাজার টাকা। আইপিওতে বিজয়ীদের মধ্যে যাঁরা গতকাল প্রথম দিনে ২৭ টাকা দামে কোম্পানিটির শেয়ার বিক্রি করেছেন, তাঁদের প্রতি লটে লাভ বা মুনাফা হয়েছে সাড়ে ৮ হাজার টাকা। ৫ হাজার টাকা বিনিয়োগের বিপরীতে দেড় মাসে এই মুনাফা পেয়েছেন আইপিওতে শেয়ার বিজয়ীরা।
এদিকে গতকালের সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে ইতিবাচক ধারা ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের শেয়ার। এদিন এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে লেনদেনে আধিপত্য ছিল ওষুধ ও বস্ত্র খাতের। এদিন ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশই ছিল ওষুধ খাতের আর ১৭ শতাংশ ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলোর দখলে। বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে এককভাবে ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশ ছিল প্যাসিফিক ডেনিমসের।
গতকাল ঢাকার বাজারে লেনদেন হয় ৬২০ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হয় ৪৪ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।