দেশের শেয়ারবাজারে সূচকের বাধাহীন পতন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

শেয়ারবাজারে সূচকের ফ্রি ফল বা বাধাহীন পতন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার লেনদেন শুরুর প্রথম ১ ঘণ্টার মধ্যেই ১০০ পয়েন্টের বেশি কমে গেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর খবরে ওই দিন একইভাবে সূচক কমেছিল দেশের শেয়ারবাজারে। পাশাপাশি ওই দিন বিশ্বের বড় সব শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন ঘটে। তবে গত দুই দিনে বিশ্ব শেয়ারবাজার বড় ধরনের পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে। কিন্তু যুদ্ধের রেশে বড় পতনের সেই ধাক্কা কাটাতে পারেনি দেশের শেয়ারবাজার। ফলে দ্বিতীয় দিনের মতো আজও সূচকের বড় পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে।

সকাল ১১টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে বাছবিচার ছাড়া সব ধরনের শেয়ারেরই বড় ধরনের দরপতন হয়েছে। ফলে এ সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭টির, কমেছে ৩৪১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। অর্থাৎ দিনের লেনদেন শুরুর প্রথম ঘণ্টার মধ্যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর ৯১ শতাংশেরই দাম কমেছে।

দেশের শেয়ারবাজারে গত কয়েক মাসে এ ধরনের পতন হয়নি। ফলে সূচকের এ পতনে বিনিয়োগকারীদের শঙ্কিত করে তুলেছে। এদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি পক্ষ বলছে, বিশ্ব শেয়ারবাজার যখন যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে তখন দেশের শেয়ারবাজারে সূচকের এ ধরনের পতনের কোনো যৌক্তিক কারণ নেই। এই পক্ষটির শঙ্কা সুযোগসন্ধানী গোষ্ঠী যুদ্ধের ভীতিকে কাজে লাগিয়ে বড় ধরনের পতন ঘটিয়ে কম দামে শেয়ার কিনে নিতে নানা গুজব ছড়াচ্ছে। সেই গুজবের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। আতঙ্কিত হয়ে তাঁরা লোকসানে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।