দেশের শেয়ারবাজারেও পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শেয়ারবাজারের টালমাটাল হওয়ার দিনে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারেও মূল্যসূচক এবং লেনদেন দুটোই কমেছে।
বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি কিছু বিনিয়োগ থাকলেও এর সঙ্গে বিশ্ব শেয়ারবাজারের সরাসরি কোনো সম্পর্ক নেই।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও চার শ কোটি টাকার নিচে নেমে এসেছে গতকাল। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৯৯ কোটি টাকা, যা গত ২৮ জুনের পর সর্বনিম্ন। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে। লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১১টিরই দরপতন ঘটেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ১০৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৭০৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।
এদিকে, বিশ্ব শেয়ারবাজারের ব্যাপক পতনের খবরটি দেশের শেয়ারবাজার–সংশ্লিষ্টদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে তাঁদের মনে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। গতকাল সন্ধ্যার পর একাধিক ব্রোকারেজ হাউস মালিক, মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক মহলের সঙ্গে কথা বলে এ আতঙ্কের বিষয়টি জানা গেছে। দেশের বাজারে যাতে বিশ্ববাজারের ধাক্কা না লাগে, সে জন্য নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন কেউ কেউ।