দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ বিএসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই‍) লেনদেন যন্ত্রে ত্রুটির ঘটনায় উদ্বেগ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার দুপুরের পর ডিএসইর কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ উদ্বেগ জানায় বিএসইসি। পাশাপাশি এ ঘটনায় ডিএসইর কাছ থেকে লিখিত ব্যাখ্যাও চায় কমিশন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, এতে বিএসইসির পক্ষ থেকে ডিএসই কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

সাইফুর রহমান জানান, জরুরি ভিত্তিতে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের দেশে এনে এ সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ডিএসইতে একটি দক্ষ একটি কারিগরি দল বা টিম তৈরি ও প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে ডিএসইর সিটিওর পদটি শূন্য রয়েছে। গত বছরের মে মাসে আইটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী তৎকালীন সিটিও পদত্যাগ করেন। এর পর থেকে পদটি শূন্য রয়েছে।

ডিএসই সূত্র জানায়, গত বছরের ১১ ডিসেম্বর বর্তমান লেনদেনযন্ত্রটি চালু হয় ডিএসইতে। ছয় মাসের মধ্যেই গত দুদিনে তাতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়, যা সামাল দেওয়ার কারিগরি দক্ষতা নেই ডিএসইর। এ বাস্তবতায় বিদেশ থেকে দ্রুত সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের এনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য বিএসইসি নির্দেশ দিয়েছে।

লেনদেনযন্ত্রের কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে গতকাল রোববার ও আজ সোমবার লেনদেনে বিঘ্ন ঘটে। আজ ডিএসইতে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর বেলা সোয়া ১২টায় লেনদেন শুরু হয়। চলে বেলা সোয়া চারটা পর্যন্ত। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা চার ঘণ্টা লেনদেন চলে। কারিগরি ত্রুটির কারণে গতকাল বেলা ২টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ৪০ মিনিট লেনদেন হয়।