ধারাবাহিক ঊর্ধ্বগতিতে ঢাকার পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী রয়েছে ঢাকার পুঁজিবাজার। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচক ও লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সাড়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচক বাড়ল ডিএসইতে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৫২ কোটি ১৩ লাখ টাকার। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, সরকারি কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন বেশি হচ্ছে বাজারে, তাই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে পাঁচটিই হচ্ছে সরকারি কোম্পানি। চলতি সপ্তাহে দুই দিন সূচক বাড়ায় বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন। তাই ঊর্ধ্বমুখী আছে সূচক।

আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, ন্যাশনাল টিউবস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিল, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, যমুনা ওয়েল ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসইতে আজ হাতবদল হওয়া ৩২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির দর। অপরিবর্তিত আছে ৫৯টির দর। সূত্র: ডিএসই ওয়েবসাইট।