নতুন করে সাক্ষীদের জেরা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আলোচিত ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার সাক্ষীদের নতুন করে জেরা করবে আসামিপক্ষ। আর এ মামলার চার আসামিকে আইনজীবীর জিম্মায় স্থায়ী জামিন দেওয়া হয়েছে।

পুঁজিবাজারের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির গতকাল রোববার সাক্ষীদের নতুন করে জেরা ও আসামিদের স্থায়ী জামিনের জন্য আসামিপক্ষের করা আবেদন মঞ্জুর করেন। তবে আদালত আসামিপক্ষের আইনজীবীদের সতর্ক করে বলেছেন, যদি জামিনের ন্যূনতম অপব্যবহার হয়, তাহলে তা বাতিল করা হবে।
এ মামলার আসামিরা হলেন দেশের শীর্ষপর্যায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাং গস গ্রুপ ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, মসিউর রহমান ও অনু জায়গিরদার। আসামিরা ১৯৯৬ সালে প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন। আর সাক্ষী হলেন ’৯৬-এর কেলেঙ্কারির পর গঠিত তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমীরুল ইসলাম চৌধুরীসহ কমিটির একাধিক সদস্য, মামলার বাদী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালকসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একাধিক কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান গতকাল আদালতের কার্যক্রম শেষে প্রথম আলোকে বলেন, আসামিদের অনুপস্থিতিতে এক দফায় এ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। এর মধ্যে ৮ ও ৯ সেপ্টেম্বর আসামিরা আদালতে হাজির হয়ে জামিন ও নতুন করে জেরা শুরুর আবেদন করেন। আদালত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আর পুনরায় জেরা শুরুর বিষয়ে আদেশ দেন গতকাল। পাশাপাশি এদিন আসামিদের স্থায়ী জামিনও দেন।

.
.
’৯৬ সালের কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলা

যদিও রাষ্ট্রপক্ষ আসামিদের স্থায়ী জামিনের বিরোধিতা করে। শুনানি চলাকালে গতকাল চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে একে একে তাঁরা আদালতে হাজির হন।
আসামিপক্ষের আইনজীবী মহসিন রশিদ এ মামলার সাক্ষীদের নতুন করে জেরা শুরুর আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরলে আদালত বলেন, এরই মধ্যে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা সমাজে খুব সম্মানিত ব্যক্তি। তাঁদের মধ্যে কেউ কেউ বেশ বয়োবৃদ্ধ। এ বিষয়টিকেও আমার বিবেচনায় নিতে হবে। আবার ন্যায়বিচারের স্বার্থে আসামিদের আইনগত অধিকারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। একপর্যায়ে আদালত আসামিপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, সাক্ষীদের জেরায় কত দিন সময় লাগতে পারে? জবাবে মহসিন রশিদ আদালতকে বলেন, একজন সাক্ষীকে কোনো অবস্থাতেই এক দিনের বেশি জেরা করা হবে না। বিচারকের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি আদালতকে নিশ্চিত করেন, একজন সাক্ষীকে দুই ঘণ্টার বেশি জেরা করা হবে না।
’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশে বিএসইসির পক্ষ থেকে মামলাটি করা হয়। দীর্ঘদিন উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলাটির বিচার কার্যক্রম বন্ধ ছিল। গত জুনে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর মামলাটি বিচারের জন্য আসে।
ট্রাইব্যুনাল ৫ জুলাই প্রিমিয়াম সিকিউরিটিজের মামলাটি আমলে নেন এবং অভিযোগ গঠন করা হয় ৯ জুলাই। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শেষ পর্যন্ত আসামিদের অনুপস্থিতিতে ২৬ জুলাই থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটির প্রধানসহ ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ সেপ্টেম্বর এটির রায়ের দিন ঘোষণা করা হয়। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর পুঁজিবাজার-সংক্রান্ত মামলা পরিচালনার জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন নেন এ রউফ চৌধুরী, মসিউর রহমান ও অনু জায়গিরদার। ৯ সেপ্টেম্বর জামিন নেন অপর আসামি সাঈদ হোসেন চৌধুরী।
মামলাটির অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আসামিরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। এসব লেনদেনের বড় অংশই ছিল মিথ্যা বা প্রতারণামূলক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানা একাধিকবার হাতবদল হয়ে বর্তমানে সেটি ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে ডিএসইর সদস্যভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালাচ্ছে।