নতুন কোম্পানির শেয়ারে প্রথম ৩০ দিন ঋণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে আবারও ঋণসুবিধা বন্ধ করা হয়েছে। এর ফলে এখন থেকে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়ের বিপরীতে প্রথম ৩০ কার্যদিবস কোনো ঋণসুবিধা পাওয়া যাবে না। একই সঙ্গে তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন হলে সেটির শেয়ারের বিপরীতেও ৩০ দিন কোনো ঋণসুবিধা মিলবে না। 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল মঙ্গলবার এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে, যা শিগগিরই কার্যকর হবে। 

ধরা যাক, ১ নভেম্বর থেকে কোনো একটি কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে। সে ক্ষেত্রে তালিকাভুক্তির প্রথম দিন থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত কোম্পানিটির শেয়ারের বিপরীতে কোনো বিনিয়োগকারীকে ঋণসুবিধা দিতে পারবে না ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক। একইভাবে ১ নভেম্বর যদি তালিকাভুক্ত কোনো কোম্পানি শ্রেণি পরিবর্তন হয়ে নতুন শ্রেণিতে ঢোকে, তা হলে সেদিন থেকে প্রথম ৩০ কার্যদিবস সেটির শেয়ারের বিপরীতে কোনো ঋণসুবিধা দেওয়া যাবে না।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, নতুন তালিকাভুক্তির প্রথম দিন থেকেই একাধিক কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। কিন্তু কিছুদিন দর বাড়ার পর সেটির আবার পতন শুরু হয়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা বিদ্যমান থাকায় এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে নতুন শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে আবারও ঋণ বন্ধের উদ্যোগ নেয় বিএসইসি।

বিএসইসির নিয়ম অনুযায়ী, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির ঋণ পাওয়ার যোগ্য শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ হারে ঋণসুবিধা দিতে পারে ঋণদাতা প্রতিষ্ঠান। অর্থাৎ যদি কোনো বিনিয়োগকারী ঋণযোগ্য কোনো শেয়ার কেনার জন্য ১০০ টাকা নিজে বিনিয়োগ করেন, তা হলে এর বিপরীতে ৫০ টাকা ঋণসুবিধা মিলবে। তবে ঋণের এ বিষয়টি নির্ভর করে ঋণদাতা প্রতিষ্ঠানের ওপর। কারণ সব শেয়ারে আদৌ ঋণসুবিধা দেওয়া হবে কি না, সেটি ঋণদাতা প্রতিষ্ঠানের নিজস্ব এখতিয়ার।