শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে ডিএসইর বৈঠক
নতুন তালিকাভুক্ত শেয়ারে এক মাস ঋণ না দেওয়ার প্রস্তাব
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানার প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠকে উপস্থিত উভয় সংস্থার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল সকালে রাজধানীর দিলকুশায় বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। ডিএসইর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। বৈঠকে বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আরিফ খান ও এ সালাম সিকদার, ডিএসইর পরিচালক রুহুল আমিন, এম কায়কোবাদ, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুলসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিএসই বলেছে, বর্তমানে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন শুরুর প্রথম দিন থেকেই ঋণসুবিধা দেওয়া হয়। পাশাপাশি লেনদেন শুরুর প্রথম পাঁচ দিন এসব শেয়ারের দাম ওঠানামায় কোনো ধরনের সীমা বা সার্কিট ব্রেকার থাকে না। ফলে এসব শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতে থাকে, যা পুরো বাজারের ভারসাম্য নষ্ট করে।
এ অবস্থায় নতুন কোম্পানির শেয়ারের লেনদেন শুরুর প্রথম এক মাস ঋণসুবিধা বন্ধ রাখার প্রস্তাব করেছে ডিএসই। আর দর ওঠানামার সীমা বা সার্কিট ব্রেকারবিহীন লেনদেনের সময় পাঁচ দিনের পরিবর্তে দুই দিন নির্ধারণের সুপারিশ করা হয়।
এ সময় ডিএসইর নেতারা যুক্তি হিসেবে বলেন, যখন কোনো তালিকাভুক্ত কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে, তখন ওই কোম্পানির শেয়ারের ওপর এক দিন মূল্য ওঠানামায় কোনো সীমা বা সার্কিট ব্রেকার থাকে না। অথচ নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির এ ধরনের কোনো ঘোষণা না থাকার পরও সেটির ওপর পাঁচ দিন কোনো ধরনের দাম ওঠানামার সীমা থাকছে না। এটা বৈষম্যমূলকও।
ডিএসইর এ প্রস্তাবে বিএসইসি নীতিগতভাবে একমত। তবে সংস্থাটি বলেছে, তারা কমিশনে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ারের ৭২ টাকার শেয়ারের দাম প্রথম দিনে প্রায় ৯৪ শতাংশ বা প্রায় সাড়ে ৬৭ টাকা বেড়ে হয় ১৩৯ টাকা। আর লেনদেন শুরুর এক মাস না যেতেই সেটির দাম বেড়ে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ওঠে। প্রথম পাঁচ দিন কোম্পানিটির শেয়ারের দাম ওঠানামায় কোনো সীমা ছিল না এবং প্রথম দিন থেকেই ঋণসুবিধা পেয়ে আসছে। কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ অনেক বিনিয়োগকারী লাভের আশায় হাতে থাকা অন্য শেয়ার বিক্রি করে ইউনাইটেড পাওয়ারের শেয়ারের প্রতি ঝুঁকে পড়েন। একই অবস্থা লক্ষ করা গেছে শাহজিবাজার পাওয়ারসহ নতুন তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির শেয়ারের বেলায়ও।
শেয়ারবাজারের সাম্প্রতিক ধারাবাহিক দরপতনের বিষয়টিও গতকালের বৈঠকের আলোচনায় উঠে আসে। তাতে বাজারের এ মন্দাবস্থার জন্য দেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আইন নির্ধারিত বিনিয়োগ সীমার বিষয়টি আলোচনায় আসে। পুঁজিবাজারে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ আইনি সীমার বেশি রয়েছে, তা ২০১৬ সালের মধ্যে সীমার নিচে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগসীমা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে এই মুহূর্তে বাজারে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না বলে জানান ডিএসইর নেতারা।