নতুন বছরের শুরুটি ভালো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন বছরের শুরুটা ভালো হয়নি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বছরের প্রথম কার্যদিবসে গতকাল রোববার এই বাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে মাত্রাটা অবশ্য কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন সামান্য বেড়েছে।
এর আগে ২০১৫ সালের শেষ কার্যদিবসে গত বৃহস্পতিবার উভয় বাজারে সূচক ও লেনদেন বেড়েছিল।
নতুন বছরটি ভালো যাবে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা নিয়েই গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। কেনাবেচার শুরুতে প্রত্যাশা অনুযায়ী ডিএসইর সূচকে ইতিবাচক ধারা চোখে পড়ে। আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায় প্রধান সূচক ডিএসইএক্স। কিন্তু শেষ পর্যন্ত সেই ধারাটি আর বজায় ছিল না।
এদিকে, ২০১৫ সালে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফার তথ্য গতকাল বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বেশির ভাগেরই মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। কিন্তু তার কোনো প্রভাবই গতকাল ব্যাংকের শেয়ারের দামে প্রতিফলিত হয়নি। উল্টো এদিন লেনদেন হওয়া অধিকাংশ ব্যাংকের শেয়ারের দামই কমেছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র চারটির শেয়ারের দাম সামান্য বেড়েছে। অপরিবর্তিত ছিল চারটির দাম। আর বাকি ২২টি ব্যাংকের শেয়ারের দামই কমেছে। এমনকি ডিএসইতে দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় তিনটি ছিল ব্যাংক।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল ব্যাংক খাতের শেয়ারের দাম গড়ে ১ দশমিক ২ শতাংশ কমেছে। পাশাপাশি বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, সিমেন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিগুলোরও শেয়ারের দাম কমেছে।
দরবৃদ্ধিতে এদিন শীর্ষে ছিল বিবিধ খাতের কোম্পানি। এ খাতের লেনদেন হওয়া ১১টি কোম্পানির মধ্যে ৯টিরই শেয়ারের দাম বেড়েছে। প্রতিটি শেয়ারের দাম বেড়েছে গড়ে ২ শতাংশ। ঢাকার বাজারে রোববার দরবৃদ্ধির শীর্ষে ছিল বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রি। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৯০ পয়সা বা প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়।
বছরের প্রথম দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বৃদ্ধির খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে দরবৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়। কিন্তু বাজারে তার প্রতিফলন ঘটেনি। কারণ, ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বাড়তে পারে—এটি হয়তো প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের কেউ কেউ আগে থেকে অনুমান করতে পেরেছিলেন। তাঁরাই গতকাল হয়তো প্রত্যাশা থাকতে থাকতে এসব শেয়ার বিক্রি করে দিয়েছেন।
মোহাম্মদ হেলাল উদ্দিন আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যখন কোনো শেয়ারকে ঘিরে আগ্রহ বাড়ে, সেই সুযোগে প্রাতিষ্ঠানিক বা বড় বিনিয়োগকারীরা তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে প্রায় ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৪ পয়েন্টে। এদিন লেনদেনের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে ৬৮ কোটি টাকা কম। ঢাকার বাজারে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৫৩টির, বেড়েছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ৪৪টির।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচকটি রোববার দিন শেষে প্রায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১০২টির, বেড়েছে ৯৯টির আর অপরিবর্তিত ছিল ২৫টির। সিএসইতে প্রায় ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ লাখ টাকা বেশি।