নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুঁজছে এমারেল্ড অয়েল
পরিচালনার জন্য নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুঁজছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল। কোম্পানিটি বর্তমানে চলতি মূলধন সংকটে ভুগছে। এ অবস্থায় ব্যবসার পূর্বাবস্থায় ফেরার চেষ্টার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। পাশাপাশি কোম্পানির ওপর বিনিয়োগকারীদের বিশ্বাস রাখার অনুরোধ জানানো হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের এক চিঠির জবাবে এ আহ্বান ও তথ্য জানিয়েছে এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এমারেল্ড অয়েলের এই বক্তব্য শেয়ারধারীদের অবগত করতে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘অস্তিত্ব সংকটে এমারেল্ড অয়েল’ শীর্ষক এক প্রতিবেদনের বিষয়ে জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে এ চিঠি দেয়।
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির দায়ে কোম্পানিটির পরিচালকদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্য অনুযায়ী, অনিয়মের মাধ্যমে এমারেল্ড অয়েল বেসিক ব্যাংকের দিলকুশা শাখা থেকে ৭৪ কোটি টাকার ঋণ সুবিধা নেয়। পরে ওই ঋণ পরিশোধ না করায় কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পরিচালক মিলিয়ে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় অভিযুক্ত হওয়ার পর পালিয়ে যান কোম্পানির শীর্ষ ব্যক্তিরা। আর তাতে চরম সংকটে পড়ে কোম্পানিটি। একপর্যায়ে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ডিসেম্বরে কোম্পানিতে একজন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়।
এদিকে চিঠির জবাবে কোম্পানির দেওয়া যেসব তথ্য গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাতে দাবি করা হয়, মূলধন সংকটে কোম্পানির উৎপাদন কার্যক্রম সীমিত পর্যায়ে চলছে। পরিচালনার জন্য নতুন ব্যবস্থাপনা খুঁজে বের করার জোর প্রচেষ্টা চলছে জানিয়ে কোম্পানিটি দাবি করেছে, সমস্যার সমাধান করে চলতি মাসের মধ্যে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু করার বিষয়ে তারা আশাবাদী।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির সর্বশেষ আর্থিক বছর শেষ হয় গত জুনে। বার্ষিক নিরীক্ষা শেষে কোম্পানিটির প্রায় সাড়ে ৮৮ কোটি টাকার পণ্য ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটির নিরীক্ষক বা অডিটর। নিরীক্ষক প্রতিষ্ঠানটি বলছে, পণ্য ও লেনদেন বাবদ যে তথ্য কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে, বাস্তবে তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ডিএসইর ওয়েবসাইটে গতকাল এমারেল্ড অয়েল কর্তৃপক্ষের যে জবাব প্রকাশ করা হয়েছে, তাতে কোম্পানিটি সম্পর্কে বিভিন্ন সূত্রের খবরে বিভ্রান্ত না হতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়। কোম্পানির এ বক্তব্য প্রকাশের পর গতকালই বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ৬০ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৭০ পয়সায়। এ কারণে এদিন কোম্পানিটি ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। কোম্পানির বর্তমান আর্থিক ভিত্তি এমন মূল্যবৃদ্ধির মতো নয় বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এমারেল্ড অয়েলের শেয়ারের দামের উল্লম্ফন ঘটলেও সার্বিকভাবে এদিন বাজারে সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে গতকাল। সিএসইর সার্বিক সূচকটি এদিন ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০০ পয়েন্টে। সেখানে লেনদেনে আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৪৫ কোটিতে।