নতুন লেনদেনযন্ত্র চালু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে নতুন লেনদেনযন্ত্র। অর্থাৎ আজ থেকে নতুন ব্যবস্থায় লেনদেন হবে। এ ব্যবস্থায় শেয়ারগুচ্ছ বা লট বলে কিছু থাকছে না। ফলে যেকোনো বিনিয়োগকারী চাইলে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির একটি শেয়ারও কেনাবেচা করতে পারবেন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ লেনদেনযন্ত্র চালুর ঘোষণা দেয় ডিএসই। তাতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নতুন লেনদেনযন্ত্রটি দুটি ভাগে বিভক্ত। যার একটি সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নাসডাক ওএমএক্স। অন্যটি সরবরাহ করছে ফ্লেক্স ট্রেড। ফ্লেক্স ট্রেডের সরবরাহ করা যন্ত্রটি ব্যবহৃত হবে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার আদেশ, শেয়ার ও প্রয়োজনীয় অর্থসংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ে। অর্থাৎ বিনিয়োগকারীরা যেখানে লেনদেন করেন, সেসব ব্রোকারেজ হাউসে এ যন্ত্রটি ব্যবহৃত হবে। আর সর্বশেষ ক্রেতা ও বিক্রেতার মধ্যে শেয়ার কেনাবেচার চূড়ান্ত লেনদেনটি সম্পন্ন হবে নাসডাকের ম্যাচিং ইঞ্জিনে। লেনদেন নিষ্পত্তিতে যেটি ব্যবহার করবে স্টক এক্সচেঞ্জ। ডিএসই বলছে, নাসডাকের কাছ থেকে নেওয়া যন্ত্রটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির লেনদেনযন্ত্র।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার হোসেন।
স্বপন কুমার বালা জানান, বর্তমান লেনদেনযন্ত্রটির মেয়াদ গত আগস্টে শেষ হয়ে গেছে। এরপর সেটির মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, যা ডিসেম্বরে শেষ হয়ে যাবে।
এ অবস্থায় নতুন লেনদেনযন্ত্র চালুর প্রয়োজনীয় দেখা দেয়। এ ছাড়া বিদ্যমান লেনদেনযন্ত্রে বিভিন্ন সময় নানা ত্রুটি দেখা দেওয়ার পর বিশেষজ্ঞরা সেটি পরিবর্তনের সুপারিশ করেন। এমন এক পরিস্থিতিতে নতুন লেনদেনযন্ত্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই নতুন লেনদেনযন্ত্রটি বাছাই করা হয়েছে।
ডিএসইর এমডি জানান, বিদ্যমান লেনদেনযন্ত্রে শুধু ইক্যুইটি শেয়ার লেনদেনের ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন যন্ত্রে ইক্যুইটি শেয়ার ছাড়াও বিভিন্ন ধরনের নতুন পণ্য লেনদেনে যুক্ত করা যাবে। ফলে ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জে নতুন পণ্য চালুর ক্ষেত্রেও এটি বেশ সহায়ক হবে।
তিনি জানান, বাজারে লেনদেনের সময় ব্রোকারেজ হাউসের জন্য কিছু ঝুঁকি থাকে। সেসব ঝুঁকি কমানোর ব্যবস্থা রয়েছে নতুন যন্ত্রে। ফলে ট্রেডার (যাঁরা ব্রোকারেজ হাউসের প্রতিনিধি হিসেবে বিনিয়োগকারীর শেয়ার লেনদেন করেন) ও বিনিয়োগকারীর ওপর ব্রোকারেজ হাউসের নিয়ন্ত্রণ থাকবে।
ধরা যাক, একটি ব্রোকারেজ হাউস তালিকাভুক্ত নির্দিষ্ট একটি কোম্পানির শেয়ার তার প্রতিষ্ঠানে লেনদেন করতে আগ্রহী নন। ওই ব্রোকারেজ হাউসের আবার সারা দেশে অনেকগুলো শাখা রয়েছে। বিদ্যমান ব্যবস্থায় মৌখিক নির্দেশ দিয়ে ওই নির্দিষ্ট কোম্পানির শেয়ার লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি থেকে যায়। মৌখিক নির্দেশ থাকার পরও ভুলে ওই শেয়ার লেনদেনের সুযোগ থেকে যায়। কিন্তু নতুন ব্যবস্থায় যন্ত্রের মাধ্যমেই ব্রোকারেজ হাউস ওই শেয়ারের লেনদেন বন্ধ করে দিতে পারবেন। এতে করে ওই ব্রোকারেজ হাউসের কোনো প্রতিনিধি চাইলেও শেয়ারটি লেনদেনের কোনো সুযোগ পাবেন না।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন লেনদেনযন্ত্রটি উদ্বোধন করা হবে। এ জন্য রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন লেনদেনযন্ত্রটি অনেক বেশি ব্যবহারবান্ধব। এটি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কার কিছু নেই।