নতুন শেয়ারে মাথায় হাত, খারাপ শেয়ারে বেশি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগের বছরের ধারাবাহিকতায় আরও একটি হতাশার বছর পার করেছেন শেয়ারবাজারে বিনিয়োগকারীরা। বিনিয়োগের বিপরীতে লাভের বদলে লোকসানই ছিল হতাশার প্রধান কারণ।
যদিও শেয়ারবাজারকে গতিশীল করতে এ বছরটিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তার সুফল পকেটে ভরতে পারেননি অধিকাংশ বিনিয়োগকারী।
বাজে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে পচা শামুকে পা কাটার মতো ঘটনা যেমন ঘটেছে, তেমনি ভালো শেয়ারে বিনিয়োগ করেও পা কেটেছে বিনিয়োগকারীর। বাজারের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য মিলেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের একমাত্র কোম্পানি গ্রামীণফোন। বিভিন্ন সূচকের বিবেচনায় এটি ভালো কোম্পানির একটি। বছর শেষের যে হিসাব তাতে দেখা যাচ্ছে, গত জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে বাজারে এটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩০ শতাংশ।
বছরের শুরুতে লেনদেন শুরু হয় ন্যাশনাল ফিড মিলসের। লেনদেন শুরুর পর ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল সাড়ে ৪২ টাকায়। বছর শেষ না হতেই সেই দাম নেমেছে সর্বনিম্ন ১৭ টাকায়। অঙ্কের হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ারের ৫৬ শতাংশ দরপতন ঘটেছে। এক বছরের সর্বোচ্চ দরপতনের দিক থেকে কোম্পানিটি রয়েছে শীর্ষে।
নতুন ও ভালো শেয়ারে বিনিয়োগ করে লোকসানের উদাহরণ যেমন আছে তেমনি আছে খারাপ কোম্পানি থেকে ভালো ফল প্রাপ্তির নজিরও। এক যুগের বেশি সময় ধরে শেয়ারধারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয় না। বাজে কোম্পানি হিসেবে ‘জেড’ শ্রেণিভুক্ত। নয় মাসে আর্থিক প্রতিবেদনের হিসাবে আয়ের ক্ষেত্রে প্রায় সাড়ে ৫০০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি। এত বাজে আর্থিক ভিত্তি ও ব্যবসায়িক কার্যক্রমের পরও বছর শেষে আজিজ পাইপসের শেয়ারের দাম বেড়েছে ৭৩ শতাংশ।
বছরজুড়ে শেয়ারবাজারে সমালোচনার কেন্দ্রে ছিল মানহীন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিরুদ্ধে বাজে কোম্পানিকে বাজারে আনার অভিযোগ ছিল বাজার-সংশ্লিষ্ট সর্বমহলে। বছর শেষে সেসব কোম্পানির শেয়ারের বাজারচিত্র সেই সমালোচনাকে আরও বেশি বাস্তব ও তথ্যনির্ভর করেছে।
২০১৫ সালজুড়ে দরপতনের দিক থেকে শীর্ষ পাঁচ কোম্পানির তালিকার প্রথম তিনটিই নতুন তালিকাভুক্ত কোম্পানি। এগুলো হলো ন্যাশনাল ফিড মিলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও হামিদ ফেব্রিকস। এর মধ্যে বছর শেষে এসে ন্যাশনাল ফিডের প্রতিটি শেয়ারের দাম হারিয়েছে ৫৬ শতাংশ। তসরিফা ও হামিদ ফেব্রিকসের প্রতিটি শেয়ারের দাম কমেছে যথাক্রমে ৫০ ও সাড়ে ৪৯ শতাংশ। বর্তমানে তসরিফা ও হামিদ ফেব্রিকসের শেয়ার আইপিও দামের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে। তালিকার অপর দুটি কোম্পানি ফ্যামিলিটেক্স ও দেশবন্ধু পলিমার।
বছর শেষে মূল্যবৃদ্ধির দিক থেকে শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় রয়েছে যথাক্রমে দেশ গার্মেন্টস, বিডি ল্যাম্পস, আনোয়ার গ্যালভানাইজিং, আরামিট ও অ্যামারেল্ড অয়েল। বছর শেষে কোম্পানিগুলোর শেয়ারের দাম যথাক্রমে ১৭২, ১১৯, ৯২, ৮৩ ও ৮২ দশমিক ৭ শতাংশ করে বেড়েছে। তবে কোম্পানিগুলোর দামের এমন উল্লম্ফন সামগ্রিকভাবে বাজারে ওপর ইতিবাচক প্রভাব ফেলেনি। কারণ, সামগ্রিক বাজারের ওপর স্বল্প মূলধনি এসব কোম্পানির প্রভাব খুবই নগণ্য। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মৌলভিত্তি ও ব্যবসায়িক সাফল্যের চেয়ে কারসাজির কারণেই মূলত এসব স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বেড়েছে।
{প্রতিবেদনটি তৈরিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের পাশাপাশি লঙ্কাবাংলা সিকিউরিটিজের গবেষণা তথ্য ব্যবহার করা হয়েছে}